চোরাচালান মামলার তদন্ত দ্রুত করার নির্দেশ
চোরাচালান মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে তদন্ত প্রক্রিয়া আরও গতিশীল করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির ৫৬তম সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, চোরাচালানবিরোধী অভিযান আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বলছেন, বিভাগওয়ারী চোরাচালান বিরোধী অভিযানের বিবরণী (২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত) পর্যালোচনা করে দেখা যায়, আগের ছয় মাসের তুলনায় সামগ্রিকভাবে অভিযানের সংখ্যা বেড়েছে।
চোরাচালান প্রতিরোধে সব কটি সংস্থার সমন্বয়ে এসব অভিযান নিয়মিত চলবে বলে জানান মন্ত্রী কামাল।
হিসাব অনুযায়ী, ২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে ১০ হাজার ৩১৩ জনকে আটক করা হয়েছে। আর এক হাজার ৪৮৭ কোটি মূল্যের মালামাল আটক করা হয়েছে।
তিনি বলেন, চোরাচালান মামলা দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।
চোরাচালানের সঙ্গে জড়িত ‘গডফাদার’ তালিকা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা একটি চলমান প্রক্রিয়া। এই তালিকা সব সময় তৈরি করা হয়, সংশোধন করা হয়।
সভায় পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
