বঙ্গভবনে ইফতারে প্রধানমন্ত্রীসহ বিশিষ্টজনরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি এস কে সিনহাসহ বিশিষ্টজনদের সঙ্গে ইফতার করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান।
মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিচারপতি, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা ইফতারে অংশ নেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ এবং তার স্ত্রী বিরোধী দলীয় নেতা রওশন এরশাদও ছিলেন বঙ্গভবনের ইফতারে।
ইফতারের আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ অতিথিদের টেবিলে টেবিলে গিয়ে কুশল বিনিময় করেন।
পরে বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম সাইফুল কবীর।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও মসিউর রহমান ইফতারে অংশ নেন।
কূটনীতিক কোরের ডিন মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট, পাকিস্তানের হাই কমিশনার সুজা আলমসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ইফতারে অংশ নেন।
সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, নিউজ টু ডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ইফতারে ছিলেন।
এছাড়া উচ্চপদস্থ সামরিক ও বেসরমারিক কর্মকর্তারা ইফতারে অংশ নেন।
