২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তার কারণে যানজট হবে না ঈদে: কাদের

রাস্তার কারণে আসন্ন রোজার ঈদে যানজট হবে না- এমন নিশ্চয়তা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 05:28 PM

Updated : 11 Oct 2022, 08:22 PM

বৃহস্পতিবার সচিবালয়ে মেট্রোরেল ও র‌্যাপিড বাস ট্রানজিট (বিআরটি) নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এবারের প্রস্তুতি সবসময়ের চেয়ে ভালো। অন্য সববারের তুলনায় এবার রাস্তার কন্ডিশন অনেক ভালো। রাস্তার কারণে যানজট হবে না, এটা আমি অ্যাসিউর করতে পারি।”

সাংবাদিকদের প্রশ্নে ঈদে যানজট ঠেকাতে ‘দিন-রাত ঘোরাঘুরি’ করার কথা জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেন, “টাঙ্গাইল থেকে (বুধবার) রাত ১০টার সময় এসেছি। তিন দিন পরপর সব রোড ঘুরছি, যাতে করে বিকল্প ব্যবস্থা (ঈদে যানজট হলে) করা যায়।”

এবার ঈদে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অসুবিধা’ হবে না- এমন আশা প্রকাশ করে তিনি বলেন, “ঈদে যানজট হয় এরকম ১৫টি স্পটে পাঁচ দিন এক হাজার স্বেচ্ছাসেবক রোভার স্কাউটের মাধ্যমে কাজ করবে, তাদের কিছু অনারিয়ামও দেব।

“যানজটপ্রবণ এলাকায় নারী, শিশু, বৃদ্ধদের অসুবিধা হয়। এজন্য মোবাইল পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হবে।”

ঈদে বিআরটিসি অতিরিক্ত গাড়ি চালাবে জানিয়ে মন্ত্রী বলেন, তাৎক্ষণিকভাবে রোড থেকে নষ্ট গাড়ি সরাতে পর্যাপ্ত রেকার রাখা হবে।

‘উন্নয়নের বেদনা’

সংবাদ সম্মেলনে রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভার নির্মাণ কাজের কারণে ওই সড়কে জনগণের চলাফেরায় ভোগান্তির কথা স্বীকার করে তাকে ‘উন্নয়নের বেদনা’ হিসেবে অভিহিত করেন ওবায়দুল কাদের।

এসময় মালিবাগ-মৌচাক ফ্লাইওভার স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্মাণ করছে জানিয়ে নিজ মন্ত্রণালয়ের ‘ব্যবস্থাপনার প্রশংসা’ করেন তিনি।

Image
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, “ওই ফ্লাইওভার নির্মাণের ফলে ওই সড়কে যে জনদুর্ভোগ হচ্ছে এয়ারপোর্ট রোডে ফ্লাইওভার নির্মাণে সেই দুর্ভোগ হয়নি। কারণ ওটা সড়ক পরিবহন মন্ত্রণালয় করেছিল। আমরা ট্রাফিক ম্যানেজমেন্টটা ভালোভাবে করেছি।”

মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণের সময়কার দুর্ভোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “মেয়র হানিফ ফ্লাইওভারের ওখানে এক সময় আড়াই ঘণ্টার দুর্ভোগ হতো, এখন সেখানে আড়াই মিনিটে চলে যাচ্ছি।

“উন্নয়নের একটা যন্ত্রণা আছে এবং যন্ত্রণাকালীন একটু বেদনা, এ সময় একটু কষ্ট হবেই।”

রাস্তাঘাট নির্মাণ কাজে ব্যবস্থাপনার জন্য সেনাবাহিনীরও প্রশংসা করেন সড়ক পরিবহন মন্ত্রী।

“সেনাবাহিনী যে রকম টলারেবল লেভেলে … মিরপুর-বনানী ওভারপাস এবং মিরপুর-এয়ারপোর্টের রাস্তা নির্মাণ করেছে জনগণ বুঝতেও পারেনি।”

নতুন ফ্লাইওভার এবং রাস্তাঘাট নির্মাণের সময় জনগণের যেন দুর্ভোগ না হয় সে দিকে খেয়াল রাখা হবে বলেও জানান ওবায়দুল কাদের।