২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহির মামলায় শাওনের জামিন

চিত্রনায়িকা মাহিয়া মাহির করা মানহানির মামলায় তার স্বামী দাবিদার শাহরিয়ার ইসলাম শাওনকে জামিন দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 04:57 PM

Updated : 12 Apr 2022, 02:17 AM

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের এ মামলায় বৃহস্পতিবার একলাখ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইবুনালের বিচারক কেএমএম শামসুল আলম।

ট্রাইব্যুনালে শাওনের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী বেলাল হোসেন।

শুনানিতে তিনি বলেন, “মাহির সঙ্গে শাওনের একবছর আগে বিয়ে হয়। মাহি তার বিয়ের তথ্য গোপন করে অন্যত্র বিয়ে করেন। এতে তিনি অপরাধ করেছেন।

“মাহি তার প্রথম স্বামীকে তালাক না দিয়ে অন্যত্র বিয়ে করে আইনগত অপরাধ করেছেন। তাই সব দিক বিবেচনা করে শাওনকে জামিন দেওয়া হোক।”

ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে মাহির বিয়ের পরদিন থেকেই কয়েকটি গণমাধ্যমে তার কিছু ছবি প্রকাশ করে দাবি করা হয়, এর আগেও একাধিকবার মাহির বিয়ে হয়েছে।

এর পর বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে। বিষয়টি নজরে এলে নায়িকা মাহি বলেন, তিনি আইনের আশ্রয় নেবেন।

এর পার ২৮ এপ্রিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম শাখায় শাওনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন নায়িকা মাহি।

মামলার এজাহারে মাহি বলেন, “আমার পূর্ব পরিচিত (বন্ধু) শাহরিয়ার ইসলাম শাওন তার কাছে থাকা আমাদের কিছু অন্তরঙ্গ স্থিরচিত্র কয়েকটি আনলাইন ও ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এ বিষয়ে তার সাথে তার বন্ধু হাসান, আল আমিন, খালাতো ভাই রেজওয়ান জড়িত রয়েছে বলে আমার ধারণা।

“গত ২৫ মে আমার অন্যত্র বিবাহ হয়। আমাদের দাম্পত্য সম্পর্ক নষ্ট করার জন্য এবং সামাজিকভাবে হেয় করার জন্য এ সব কাজ করেছেন শাওন।”

তথ্য প্রযুক্তি আইনে করা এই মামলায় পর দিন দক্ষিণ বাড্ডার বাসা থেকে কম্পিউটারসহ শাওনকে গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ড শেষে ৩১ মে শাওনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। ওই দিন শাওনের আইনজীবী আদালতে মাহির বিয়ের কাবিননামা দাখিল করেন।

ওই কাবিননামায় মাহির নাম ‘শারমীন আক্তার নিপা ওরফে মাহিয়া’ লেখা রয়েছে। চার লাখ টাকা দেনমোহর ধরে ওই বিয়ের ২০১৫ সালের ১৫ মে অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ রয়েছে।

এবিষয়ে ডিবির এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “কথিত স্বামী শাওনের বাসা থেকে তার কম্পিউটার জব্দ করেছি। সেখানে কিছু ছবি পেয়েছি। এরই মধ্যে শাওন স্বীকার করেছে যে, সে নিজেই এই ছবিগুলো ফেসবুকে আপ করেছিল।”

গুলশানের ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে শাওন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থী।

শাওন দাবি করেন, নায়িকা মাহি তার ভালো বন্ধু ছিলেন। ফেসবুকে মাহির সঙ্গে অনেক ছবিও পোস্ট করেন শাওন।

পুরনো খবর:

মাহির কথিত স্বামীর জামিন নিয়ে শুনানি ১৬ জুন