সাঁড়াশি অভিযানের ষষ্ঠ দিনে গ্রেপ্তার ১০ ‘জঙ্গি’
দেশজুড়ে চলমান সাঁড়াশি অভিযানের ষষ্ঠ দিনে ১০ জন ‘জঙ্গি’কে গ্রেপ্তারের খবর দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গ্রেপ্তারদের একজন হিজবুত তাহরির করে। বাকিরা জেএমবির সদস্য।”
আগের দিনের মতো বৃহস্পতিবারও ‘১০ জঙ্গি’ ছাড়া আর কাউকে আটক বা গ্রেপ্তার করার কোনো তথ্য দেননি পুলিশের এ কর্মকর্তা।
বুধবার অভিযানের পঞ্চম দিনে শুধু ২১ জঙ্গিকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ।
শুক্রবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী অভিযানের ৬ দিনে মোট ১৭৬ জঙ্গিকে গ্রেপ্তারের কথা জানালো আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় ৩৭ জঙ্গিসহ ৩ হাজার ১৯২ জন, দ্বিতীয় দিন ৪৮ জঙ্গিসহ ২ হাজার ১২৮ জন, তৃতীয় দিন ৩৪ জঙ্গিসহ ৩ হাজার ২৪৫ জন এবং চর্তুথ দিনে ২৬ জন জঙ্গিসহ ৩ হাজার ১১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামে জঙ্গিবিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়া এসপি বাবুল আক্তারের স্ত্রী খুন হওয়ার পর গত বৃহস্পতিবার সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত আসে।
বিএনপি শুরু থেকেই এই অভিযানকে ‘সরকারবিরোধীদের ওপর দমন-পীড়ান চালানোর কৌশল’ হিসেবে অভিযোগ করে আসছে।
অভিযানের প্রথম তিন দিনে গ্রেপ্তার হওয়া আট হাজার মানুষের মধ্যে তাদের অন্তত ২১শ’ নেতাকর্মী ছিল বলে দলটির অভিযোগ।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে বলেছেন, পুলিশের এই অভিযানে কোনো ‘রাজনৈতিক উদ্দেশ্য’ নেই।
