২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কথিত বন্দুকযুদ্ধ: ঢাকায় র‌্যাবের গুলিতে নিহত ১

ঢাকার শেরেবাংলা নগরে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে, যাকে কারওয়ান বাজারের একজন ‘শীর্ষ চাঁদাবাজ’ বলছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 09:21 AM

Updated : 20 Aug 2022, 01:00 PM

র‌্যাব সদরদপ্তর থেকে পাঠানো এসএমএসে বলা হয়, বুধবার গভীর রাতে শেরেবাংলা নগর এলাকায় ওই ঘটনা ঘটে।

সেখানে নিহতের নাম বলা হয়েছে আইদুল ওরফে মামা সাগর। তাকে ‘শীর্ষ সন্ত্রাসী আশিকের ঘনিষ্ঠ সহযোগী’ এবং কারওয়ানবাজারের একজন ‘শীর্ষ চাঁদাবাজ’ বলা হয়েছে।    

পরে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত অনুমানিক পৌনে ২টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে সংসদ ভবন সচিবালয় স্টাফ কোয়ার্টার সংলগ্ন খেলার মাঠে অজ্ঞাতপরিচয় কয়েকজন র‌্যাব-২ এর একটি টহল দলকে দেখে পালানোর চেষ্টা করে।

“পালানোর সময় তারা গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

র‌্যাব-২ এর ওই অভিযানে গুলিভর্তি একটি বিদেশি পিস্তল পাওয়া যায় এবং দুই র‌্যাব সদস্য আহত হন বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাব সদস্যরা রাত ৩টার দিকে সাগরকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।    

এক মাস আগেও র‌্যাব মামা সাগর নামে একজনকে গুলিভর্তি অস্ত্রসহ আটকের খবর দিয়েছিল। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তির বরাতে সেই খবর গত ১৬ মে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

সেই সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছিল, মামা সাগরের সঙ্গে সেদিন তার সহযোগী সামাদ খলিফাকেও আটক করা হয়।

মামা সাগর রাজধানীর কাওরান বাজার ও ফার্মগেইট এলাকায় ‘সন্ত্রাসী কার্যক্রম’ চালিয়ে আসছিলেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজী, ছিনতাই, খুন, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে সেই খবরে জানায় র‌্যাব।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, গতবছর আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বা ‘ক্রসফায়ারে’ মোট ১৯২ জনের মৃত্যু হয়েছে। গত এক মাসেই এ ধরনের ঘটনা ঘটেছে কয়েক ডজন।

এ ধরনের ঘটনাকে ‘বিচারবহির্ভূত হত্যা’ হিসেবে চিহ্নিত করে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।