জামিন-মুক্তি: ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন জেল সুপার-আইনজীবী
জামিনের পরও আসামির মুক্তি না দেওয়ায় নিঃশর্ত ক্ষমা চেয়ে দায় থেকে অব্যাহতি নিয়েছেন ঢাকার জেল সুপার ও সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
এক মামলায় জামিননামা কারাগারে পৌঁছানোর পরও তিন আসামিকে মুক্তি না দেওয়ার বিষয়ে দুই জেল সুপার ও রাষ্ট্রপক্ষের ওই আইনজীবীর জবাব দাখিলের পর বুধবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ তাদের অব্যাহতির আদেশ দেয়।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে তাদের সর্তক করে দিয়ে আদালত বলেছে, স্থগিতাদেশের (আপিল বিভাগের) আগে এ ধরনের নোটিস ইস্যু আইনসম্মত নয়।
“এ ধরনের নোটিস কেন ইস্যু করা হয়েছে, তা অ্যাডভোকেট অন রেকর্ড এ মামলায় দেখাতে পারেননি। তারা তাদের কাজের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছে, এজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে এ ধরনের সার্টিফিকেট ইস্যু বিচার প্রশাসনের কার্যক্রমকে বিঘ্নিত করেছে।”
মুদ্রা পাচার প্রতিরোধ আইনে গত ২ জানুয়ারি রামপুরা থানার একটি মামলার আসামিদের নিয়ে এই ঘটনার সৃষ্টি।
ঘটনাস্থল থেকে ওইদিন গিয়াসউদ্দিন, আমিনুর রহমান, ওসমান গণি, আবুল হাশেম ও শাহাদাতুর রহমান ওরফে সোহেলকে গ্রেপ্তার করা হয়।
এ মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের পর পাঁচ আসামি উচ্চ আদালতে জামিনের আবেদন করেন। এরপর ৮ মে হাই কোর্ট ওই পাঁচজনকে ছয় মাসের জামিন দেয়।
আসামিপক্ষের এক আইনজীবী জানান, উচ্চ আদালতের আদেশের পর জামিননামা ১৬ মে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছে। এরপর ১৮ মে আবুল হাশেম ও শাহাদাতুর মুক্তি পেলেও অন্য তিনজন মুক্তি পাননি।
রাষ্ট্রের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন ৯ মে একটি সার্টিফিকেট ইস্যু করেন; যাতে বলা হয়, রাষ্ট্রপক্ষের নির্দেশনার পরিপ্রেক্ষিতে হাই কোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
অ্যাডভোকেট অন রেকর্ডের নোটিসের আলোকে কারা কর্তৃপক্ষ তাদের মুক্তি দেয়নি।
এ অবস্থায় তিনজনের ক্ষেত্রে ৮ মে হাই কার্টের দেওয়া আদেশ বাস্তবায়নের নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদন করা হয়, যার ওপর শুনানি নিয়ে ৫ জুন হাই কোর্ট নিজেদের ভূমিকা ব্যাখ্যা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেনডেন্ট ও অ্যাডভোকেট অন রেকর্ডকে ৯ জুন আদালতে হাজির হতে নির্দেশ দেয়।
ওই দিন ঢাকার জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবির ও অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন আদালতে উপস্থিত হন। আসামিরা কাশিমপুর কারাগারে থাকায় কাশিমপুর কারাগার-১ এর জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালাও আদালতে উপস্থিত হন।
আদালত ১৩ জুন তাদের লিখিত ব্যাখ্যা দিতে বলেন। সেদিন তারা লিখিত জবাব দাখিল করলে সেদিন শুনানি নিয়ে আদালত ১৫ জুন আদেশের জন্য রাখেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী রুহুল আমিন ভূইয়া, আদিলুর রহমান খান শুভ্র ও আইনজীবী মো. ইউসুফ আলী।
আসামিপক্ষের আইনজীবী ইউসুফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুইজন নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য আদালত তাদের সতর্ক করে দিয়ে বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছেন।ফলে তিনজন অব্যাহতি পেলেন।”
