‘মৌলবাদের আস্ফালনে কমছে উৎসবমুখরতা’
মৌলবাদী শক্তির আস্ফালনে সারা দেশে সহিংসতা বাড়ায় পালা-পার্বণে বাঙালির উৎসবমুখরতা ক্রমেই কমে আসছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নেতারা।
তাদের অভিযোগ, মুক্তিযুদ্ধের পক্ষের সাংস্কৃতিক বলয়কে ভেঙে টুকরো টুকরো করে মৌলবাদী শক্তি তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করতে নানা পরিকল্পনা আঁটছে। আবহমান লোকজ সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে বিষবাষ্প ছড়াচ্ছে তৃণমূলে।
বুধবার রাজধানীর বাংলা একাডেমিতে উদীচী আয়োজিত ‘বর্ষা উৎসব’ এ প্রকৃতি বন্দনার পাশাপাশি সারা দেশে চলমান হত্যাকাণ্ড-অরাজকতা-ধর্ষণের নিন্দায় মুখর হয়ে উঠেন আগত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীরা।
উৎসবের ‘বর্ষা কথন’ পর্বে উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী বলেন, “আজ জনজীবনে নেমে এসেছে নানা বিপদ, বিপন্নতা। সমস্যা জর্জরিত এই দেশে আনন্দ আয়োজন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে রুখে দিতে বরাবরের মতো এখনও নানা চক্রান্ত চলছে।
“মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি আজ বিভক্ত হয়ে গেছে। এখন মুখে মুখে মুক্তিযুদ্ধের নানা চেতনার কথা শুনলেও কাজের বেলায় তো তা দেখি না।”
স্বাধীনতার ৪৫ বছর কেটে গেলেও এখনও সর্বস্তরে মাতৃভাষার যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়নি বলে অভিযোগ করেন তিনি।
কামাল লোহানী বলেন, “মৌলবাদী শক্তিকে প্রশ্রয় দিচ্ছে একদল গণবিরোধী চরিত্র। তাদের সবাইকে কিন্তু আমরা চিনি। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এসব চরিত্ররা নানাভাবে বিরোধিতা করেই চলছে।”
মৌলবাদী শক্তির বিনাশে সরকারের ভূমিকার সমালোচনা করেন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
‘বর্ষা উৎসব’ কমিটির আহ্বায়ক নিবাস দে বলেন, “ঋতুভিত্তিক পালা-পার্বন, খেলাধুলা এবং উৎসব আয়োজনে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান, বাঙালি-আদিবাসীসহ সকল ভাষাভাষী সম্প্রদায়ের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ছিল তাও আজ ধর্মীয় উগ্র সাম্প্রদায়িকতার বিষবাষ্পে ভুলুণ্ঠিত প্রায়। এ সকল উৎসব আয়োজনও আজ গ্রাস করে ফেলছে বহুজাতিক পুঁজি। উৎসব তার স্বাভাবিক প্রকৃতি হারিয়ে ফেলছে।”
কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শঙ্কর সাওজাল বলেন, “এ বর্ষা আমাদের অমঙ্গল, অপশক্তি অসুরকে ধুয়ে মুছে যাক।”
এর আগে সকাল ৭টায় বাংলা একাডেমির নজরুল যন্ত্রসঙ্গীত শিল্পীদের সমবেত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বর্ষা উৎসব-১৪২৩। আবহমান কাল ধরে বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ঢোল, তবলা, দোতরা, বাঁশি প্রভৃতি যন্ত্রের সমন্বয়ে পরিবেশিত হয় “আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই” গানটি। এরপর শুদ্ধ শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ। সকালের শুভ্র প্রকৃতিতে প্রিয়াঙ্কার অনবদ্য গায়কীর শাস্ত্রীয় সঙ্গীতে অনুষ্ঠান প্রাঙ্গণে অসাধারণ আবহ তৈরি হয়।
প্রিয়াঙ্কা গোপের পর মঞ্চে দলীয় পরিবেশনা নিয়ে উপস্থিত হয় উদীচী ধানমন্ডি শাখা। উৎসবে দলীয় সঙ্গীত পরিবেশন করেন অগ্নিবীণা ও ফোক বাংলা’র শিল্পীরা। একক সঙ্গীত পরিবেশনে ছিলেন দেশের প্রথিতযশা শিল্পী মহাদেব ঘোষ, অনিমা মুক্তি গোমেজ, বুলবুল ইসলাম, সাজেদা বেগম সাজু ও শেলী রউফসহ অন্যরা।
আবৃত্তি পরিবেশন করেন জয়ন্ত চট্টোপাধ্যায়, বেলায়েত হোসেন, শিখা সেন গুপ্তা। এছাড়া, নৃত্য পরিবেশন করে নৃত্যম ও স্পন্দন-এর মতো নৃত্যদল।
বর্ষা উৎসবে মাহমুদ সেলিমের গ্রন্থনা ও নির্দেশনায় এবং বিপ্লব রায়হানের পরিচালনায় বিশেষ গীতি-আলেখ্য ‘বৃষ্টি পরে টাপুর টুপুর’ পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। এছাড়াও ছিল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর মিরপুর, বাড্ডা, তুরাগ, কাফরুল ও নবাবগঞ্জ শাখার শিল্পীদের পরিবেশনা।
রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ বিভিন্ন বিখ্যাত কবি-সাহিত্যিকদের গান, কবিতা এবং লোকগানের পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে বাংলা একাডেমি প্রাঙ্গণ।
