সংখ্যালঘু হামলায় মন্ত্রিসভাকে দৃষ্টি দেওয়ার আহ্বান সংসদে
সংখ্যলঘুদের ওপর হামলা ও নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রীসহ সব মন্ত্রীকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকার দলীয় এক সংসদ সদস্য।
বুধবার সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বরগুনার সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, “আজকে কিছু ঘটলেই সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়। মন্দির গির্জায় হামলা করা হয়। যখনই নির্বাচন আসে তখনই প্রথমে হামলা হয় সংখ্যালঘুদের ওপর।
“এদেশের সাম্প্রদায়িক সম্প্রতি কোনোদিনই নষ্ট করতে দিতে পারি না। সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার অর্থ ভয়ানক- এটা আমাদের সবাইকে বুঝতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সব সদস্যকে এ ব্যাপারে দৃষ্টি দেওয়ার আহ্বান জানাব।”
মুক্তিযুদ্ধ ও তার আগের পাকিস্তান শাসনামলে সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গ টেনে বর্তমান সময়ে এ ধরনের ঘটনার প্রতিকারে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সব সময় যোগাযোগ রাখার আহ্বান জানান সাংসদ শম্ভু।
“পাকিস্তান আমল থেকে বার বার সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় এদেশের সংখ্যা লঘু-হিন্দু-বৌদ্ধ খ্রিস্টানদের ওপর চরম আক্রমণ করা হয়েছিল। তাদেরকে কাফের ঘোষণা করে ধরে ধরে হত্যা করা হয়েছিল। সকল এমপিদের অনুরোধ করি আপনারা সবাই যদি সব সময় এলাকায় যোগাযোগ রাখেন তাহলে এ জাতীয় ঘটনা ঘটতে পারে না।”
আলোচনায় নির্মাণাধীন দেশের সর্ববৃহৎ সেতু পদ্মা সেতুর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করারও দাবি জানান তিনি।
এর পর জাতীয় পার্টির ফখরুল ইমাম আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল নয় মন্তব্য করে বলেন, “বর্তমান সময়ে দুঃশাসনের মাত্রা সুশাসন শব্দটাকে বুলি মাত্র করে রেখেছে। মেগা প্রকল্পগুলোতে মেগা লুটপাট হচ্ছে। আর অর্থমন্ত্রী কর বাড়িয়ে সমৃদ্ধির স্বপ্ন দেখছে।”
ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা বলেন, “সমতাভিত্তিক সমাজ কিভাবে নির্মিত হবে তা বাজেটে নির্দিষ্ট করে উল্লেখ নেই।”
আলোচনায় আওয়ামী লীগের তানভীর ইমাম, নুরুন্নবী চৌধুরী, মমতাজ বেগম, ফরিদুল হক খান, ফাতেমা তুজ জোহরা, উম্মে রাজিয়া কাজল, জাতীয় পার্টির মুনিম চৌধুরী, ওয়ার্কার্স পার্টির ইয়াসিন আলীসহ অন্যরা অংশ নেন।
