২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতা-কর্মীদের গাছ লাগাতে আহ্বান শেখ হাসিনার

আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর সব স্তরের নেতা-কর্মীদের অন্তত একটি করে বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা লাগানোর আহ্বান জানিয়েছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 06:13 PM

Updated : 11 Oct 2022, 08:22 PM

আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেছেন, “দলের সকল স্তরের নেতা-কর্মীদের অন্তত তিনটি করে গাছ লাগাতে হবে।”

বুধবার গণভবনে এই অনুষ্ঠানে উপস্থিত কৃষক লীগের নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “আপনারা নিজেরা তো গাছ লাগাবেন। আশেপাশের লোকজনকেও গাছ লাগাতে উদ্বুদ্ধ করবেন।”

এছাড়া জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ সব নাগরিককে বৃক্ষ রোপণের আহ্বান জানান তিনি।

“কৃষক লীগের নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় বৃক্ষ রোপণ করবেন। শুধু আপনারই না, আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনকে সাথে নিয়ে গাছ লাগাবেন।”

১৯৮৫ সাল থেকে পহেলা আষাঢ় থেকে তিন মাস বৃক্ষ রোপণের কর্মসূচি পালন করে আসছে কৃষক লীগ।

চরাঞ্চলে অর্থকরী ফসল লাগানোর উপরও গুরুত্বারোপণ করেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, “গাছ লাগানো এখন বিলাসিতা নয়, অত্যন্ত জরুরি।”

সরকারের পদক্ষেপে বাংলাদেশে বনাঞ্চলের পরিমাণ বেড়ে যাওয়ার তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা ১৭ ভাগ বন সৃষ্টি করতে সক্ষম হয়েছি। আমরা চাই, ২৫ ভাগ বন থাকুক।”

অতীতে দেশের নাগরিকদের প্রকৃতি সম্পর্কে অসচেতনতার বিষয়টিও আসে শেখ হাসিনার বক্তব্যে।

ঢাকার চারদিকের নদী এবং রাজধানীর ভেতর দিয়ে বয়ে যাওয়া খালগুলোর কথা মনে করে তিনি বলেন, “আমরা পুকুরগুলো রক্ষার চেষ্টা করছি। দুঃখের বিষয় হল, অনেক খাল বন্ধ করে দেওয়া হয়েছে। বক্স কালভার্ট করা হয়েছে।

“আমরা পুকুর রক্ষা করছি। কিন্তু যেখানে বক্স কালভার্ট করা হয়েছে, সেখানে তো কোনো উপায় নেই।”

পাকিস্তানে আইয়ুব আমলে মতিঝিলের ঝিল ভরাট করার কথা উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, “আপনারা মতিঝিল দেখছেন। কিন্তু ওই ঝিল দেখেছেন? আমরা দেখেছি। এপার থেকে ওপার যেতাম নৌকায়।”

বাংলাদেশে জিয়াউর রহমান আমলে  রাজধানীতে ব্যাপকহারে বৃক্ষ নিধনের কথাও বলেন আওয়ামী লীগ সভানেত্রী। 

“পুরনো এয়ারপোর্ট থেকে শাহবাগ পর্যন্ত রাস্তার দু’দিকে কৃষ্ণচূড়া গাছ ছিল, সব কেটে ফেলে দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে একটা ভোগেনভেলিয়া গাছ ছিল, ওখানে ছোট টুনি পাখি বাসা করে থাকত। আমরা বিভিন্ন সময়ে গাড়ি থামিয়ে ওদের খাওয়াতাম। ওই গাছটাও কেটে ফেলে। শেরাটনের সামনে গোল চত্বরে একটা নাগ লিঙ্গম গাছ ছিল।

“পুকুর ভরাট করে বিল্ডিং তুলেছে। এভাবেই পরিবেশ নষ্ট করা হয়েছে।”

সামাজিক বনায়নের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, এর থেকে অর্থ উপার্জনও সম্ভব।

বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় কৃষক লীগকে দেশের জন্য মূল সংগঠন অভিহিত করেন শেখ হাসিনা।

কৃষির আধুনিকায়নের উপর জোর দিয়ে তিনি বলেন, “কৃষকদের সচেতন করতে হবে। কৃষকের উন্নয়নে আমরা কী করছি, তার প্রচারণা চালাতে হবে।”

অনুষ্ঠানের শুরুতেই বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করায় কৃষক লীগের নেতাদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী। পরে তাদের মাঝে গাছের চারা বিতরণ করেন তিনি।

বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী নিজে বঙ্গভবন প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।