নিকেতনে নারীর মৃত্যু, স্বামীকে জিজ্ঞাসাবাদ
রাজধানীর গুলশানের নিকেতনে এক নারীর মৃত্যু হয়েছে। ফ্যাশন মডেলিংয়ে যুক্ত এই নারী আত্মহত্যা করেন বলে তার স্বামীর দাবি।
২৫ বছর বয়সী মাহাপারা রহমান শৈলী স্বামীর সঙ্গে নিকেতনের ৫নম্বর বাজারগেইট এলাকায় থাকতেন বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার রাতে ‘অচেতন অবস্থায়’ স্বামী অভি চৌধুরী তাকে মহাখালীর মেট্রোপলিটান হাসপাতালে নিয়ে যান বলে বনানী থানার উপ পরিদর্শক শ্রীদাম চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
“হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক শৈলীকে মৃত ঘোষণা করেন।”
শৈলী ও অভি দুজনই মডেলিংয়ে যুক্ত বলে অভির ভাষ্য। তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
“শৈলী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল বলে তার স্বামী আমাদের জানিয়েছেন। এই কথা সত্য কি না, তা যাচাই করতে অভিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে শ্রীদাম বলেন, “এটি আত্মহত্যা না অন্যকিছু তা প্রতিবেদন পেলে বোঝা যাবে।”
