স্যানিটেশন বাজেটে শহর-গ্রামে বৈষম্য দূরের আহ্বান
পানি, পয়ঃনিস্কাশন ও হাইজিন খাতে শহর ও গ্রামের মধ্যে ‘বাজেট বরাদ্দে অসমতা’ দূর করার দাবি জানিয়েছে কয়েকটি বেসরকারি সংস্থা।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ৯টি বেসরকারি সংস্থা দাবি তুলে ধরতে যৌথ সংবাদ সম্মেলন করে।
এতে আসছে অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে লিখিত প্রতিক্রিয়া পড়ে শোনান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর-এর গবেষণা প্রধান মোহাম্মদ যোবায়ের হাসান।
বাজেট বরাদ্দে গ্রাম ও শহরের মধ্যে ‘বড় ফারাক’ রাখা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ে ৩৭টি প্রকল্পের মধ্যে বড় শহরে ২০টি, গ্রামে ৫টি এবং শহর ও গ্রাম মিলিয়ে ১২টি প্রকল্প রাখা হয়েছে।
“এ সব প্রকল্পে ৪ হাজার ৮৪৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।২০০৭-০৮ অর্থবছরে সব খাত মিলে বরাদ্দ ছিল ২ হাজার ৫৬৩ কোটি টাকা; যা ছিল মোট বাজেটের বাজেটের ২৪ দশমিক ৩৫ শতাংশ।”
২০১১-১২ অর্থবছরে তা বেড়ে ৫ হাজার ১৬৮কোটি টাকা হলেও এবার কমে ২২ দশমিক ৭৩ শতাংশে নেমেছে বলে জানান তিনি।
গ্রামে প্রায় ৮০ শতাংশ মানুষের বাস হলেও বাজেটে তাদের স্বাস্থ্য উন্নয়নের দিকে খেয়াল রাখা হয়নি বলে মন্তব্য তার।
“এ বছর শহরের জন্য ৮৬ শতাংশ আর গ্রামের জন্য ১৪ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।”
ওয়াটার এইড, হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার, ইউনিসেফ, ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন কোলাবোরেটিভ কাউন্সিল, ফ্রেশ ওয়াটার এ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া, বাংলাদেশ ওয়াশ এলায়েন্ট, বাংলাদেশ ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক অ্যান্ড ওয়াটার পোভার্টি এবং এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বড় বড় শহরগুলোর জন্য ‘অতিমাত্রার বরাদ্দ’ কমিয়ে জেলা শহর, চর, হাওড়, বাওর, পাহাড় ও উপকূলীয় এলাকাসহ গ্রামে বরাদ্দ বৃদ্ধির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। একইসঙ্গে খাতসংশ্লিষ্ট প্রকল্পগুলোতে বস্তিবাসী, অতি দরিদ্র, নদী ভাঙনকবলিত ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষের কথাও বিবেচনার কথা বলা হয়।
“শহরের মানুষের জন্য এসব খাতে মাথাপিছু বরাদ্দের পরিমাণ ১১২১ টাকা; বিপরীতে গ্রামের মানুষের জন্য মাত্র ৫৫টাকা। এটা অসামঞ্জস্যতার এক অনন্য দৃষ্টান্ত।”
পানি, স্যানিটেশন ও হাইজিন খাতকে শিক্ষা ও স্বাস্থ্য খাতের মতো ‘গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে এক্ষেত্রে সার্বিক বরাদ্দ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
“এ বছর শিক্ষায় ১৩ হাজার ৮৭৬ কোটি টাকা এবং স্বাস্থ্যে ৬ হাজার দুইশ ৩৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বিপরীতে পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে দেওয়া হয়েছে ৪৮৪৮ কোটি টাকা।”
সংবাদ সম্মেলনে ইউনিসেফের প্রতিনিধি মনিরুল ইসলাম বলেন, শহরের বরাদ্দ বেশি হলেও তা সমানভাবে বণ্টিত হয় না।
“বেশিরভাগ বরাদ্দ চলে যাচ্ছে ধনীদের এলাকায়। অথচ শহরের প্রায় ৪০ শতাংশ মানুষ বস্তিতে বাস করে।”
ওয়াশ অ্যালায়েন্সের কান্ট্রি কো-অর্ডিনেটর অলক কুমার মজুমদার বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায়ও পরিকল্পনা কমিশন থেকে এই খাতে মাথাপিছু ৯০০ টাকা বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছিল।
“সেটা তো হয়নি। আর এখন চলছে এসডিজি। বর্তমান বরাদ্দ দিয়ে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব না।”
ওয়াটার সাপ্লাই অ্যান্ড সেনিটেশন কোলাবোরেটিভ কাউন্সিলের ন্যাশনাল কো-অর্ডিনেটর শাহ মো. আনোয়ার কামাল এ খাতে বরাদ্দ দেওয়ার আগে ‘জাতীয়ভাবে জরিপ করার’ দাবি জানান।
“জরিপ প্রতিনিয়ত করা উচিত। তাহলে তার বিরপীতে আমরা সেবা দিতে পারবো। কিছুদিন আগে ঘূর্ণিঝড় হল, আমরা কিন্তু বলতে পারছি না, কী পরিমাণ ক্ষতি হল। তাহলে সেবা সুষ্ঠুভাবে দেব কীভাবে?”
সংবাদ সম্মেলনে আরও ছিলেন ওয়াটার এইডের বাংলাদেশ প্রতিনিধি খায়রুল ইসলাম, এনজিও ফোরামের প্রতিনিধি জোসেফ হালদার।
