২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্ক ফাঁকি দিতে রঙ বদল করা মার্সিডিজ গাড়ি জব্দ

শুল্ক ফাঁকি দিয়ে চলা গাড়ির ধরতে অভিযানে এবার রঙ বদল করা একটি বিলাসবহুল মার্সিডিজ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 11:17 PM

Updated : 12 Apr 2022, 02:15 AM

সোমবার রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে এই গাড়িটি আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “গাড়িটির গায়ে 'সি২০০' মডেল লেখা আছে। এই মডেল অনুযায়ী এটি ২০০০ সিসির। কিন্তু অনুসন্ধান করে জানা যায় এটি 'এ৬৩ এএমজি এস' মডেলের এবং এর সিসি ৪০০০।”

২০০০ সিসি গাড়ির শুল্ক ২০১ শতাংশ, কিন্তু ৪০০০ সিসির ক্ষেত্রে তা ৬০১ শতাংশ।

“গাড়ির মূল রঙ পোলার হোয়াইট। কিন্তু পাওয়া যায় নীল রঙ করা। শুল্ক ফাঁকি দিতেই এই জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে,” বলেন মইনুল খান।

এক্ষেত্রে ২ কোটি ২৩ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে বলে হিসাব করে তথ্য দেন তিনি।

গাড়িটি আইসিডি কমলাপুর বন্দর দিয়ে বিল অব এন্ট্রি সি২৫৩৯৮ তারিখ ৭/১২/১৫ এর মাধ্যমে খালাস হয়। জার্মানির তৈরি গাড়িটি এসেছে যুক্তরাজ্য থেকে।

কাগজপত্র অনুযায়ী, আমদানিকারক এসজিএস ট্রেডিং, প্লট ৬৩৫, রোড ২২, ডিওএইচএস মিরপুর, পল্লবী, ঢাকা। এর সিএন্ডএফ এজেন্ট এসএফ ট্রেডারস।

কুড়িল বিশ্বরোড এলাকায় অটোওয়ান অটোমোবাইলের ওয়ার্কশপে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি পাওয়া যায়। শুল্ক গোয়েন্দাদের চলমান অভিযানের কারণে এটি ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।

মইনুল খান বলেন, “শুল্ক ফাঁকির গোপন তথ্য থাকায় অভিযান চালিয়ে গাড়িটি সোমবার সকাল ১০টার দিকে আটক করা হয়। শুল্কসহ গাড়ির দাম ৩ কোটি ৩৬ লাখ টাকা হবে। গাড়িটি এখনও বিআরটিএতে রেজিস্ট্রেশন হয়নি।”

গাড়ির প্রকৃত মালিককে ধরতে অনুসন্ধান চলছে বলে জানান তিনি।

সম্প্রতি অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা কয়েকটি দামি গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা।