সিগারেট ও মাংসের জন্য মীনা বাজারকে জরিমানা
সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন এবং হিমায়িত মাংস রাখায় ঢাকার মোহাম্মদপুরের সুপার শপ মীনা বাজারকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৫ এর কর্মকর্তা অজিউর রহমানের নেতৃত্বে এক অভিযানে এই জরিমানা করা হয়। এসময় মোহাম্মদপুর টাউন হল মার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করারও চেষ্টা চালানো হয়।
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, রমজান মাস উপলক্ষে ভেজালমুক্ত খাবার নিশ্চিত করা ও চলার পথ দখলমুক্ত করার লক্ষ্যে এই অভিযান শুরু হয়েছে।
বেলা ১১টার দিকে অভিযানের শুরুতেই মোহাম্মদপুর টাউন হল মার্কেটের সামনের পার্কিংয়ের জায়গা দখল করে বসা ফলের দোকান, কনফেকশনারির দোকানের ফ্রিজ ও অন্যান্য মাল তুলে দেওয়া হয়।
এবিষয়ে জানতে চাইলে আঞ্চলিক কর্মকর্তা অজিউর রহমান বলেন, “আমরা তাদেরকে সতর্ক করে দিচ্ছি। অভিযানটি নিয়মিত কাজের অংশ। প্রয়োজনে কয়েকদিন পর আবার এখানে অভিযান চালানো হবে।”
অভিযানে অবৈধ দখলের দায়ে আরও দুটি দোকানকে ২০ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদনহীন একটি মাংসের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সুপার শপ মীনা বাজারকে জরিমানা করার প্রসঙ্গে অজিউর রহমান বলেন, “যে কোনো সিগারেটের বিজ্ঞাপন হয়- এমন প্রদর্শনী দোকানে রাখা আইনে অপরাধ। কিন্তু মীনা বাজার বড় ধরনের বিজ্ঞাপন টানিয়ে রেখেছিল। একারণে জরিমানা করা হয়েছে এক লাখ টাকা।
মীনা বাজারের এই শাখার ব্যবস্থাপক আবু সালেহ মুসা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিগারেটের মোড়কের গায়ে এর ক্ষতির ছবি ছাপানোর পর তা প্রদর্শন করা যাবে বলে আমরা মনে করেছিলাম। আর সব মাংস প্রদর্শনীতে রাখা সম্ভব নয় বলে কিছু মাংস হিমায়িত করে রাখা হয়েছিল।”
