২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহফুজ আনামের ১০ মামলার কার্যক্রমে স্থগিতাদেশ

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 03:41 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

মানহানি ও রাষ্ট্রদ্রোহের এসব মামলা দায়ের এবং পরিচালনা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুলও দিয়েছে আদালত।

মামলাগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে ডেইলি স্টার সম্পাদকের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও  বিচারপতি একেএম সাহিদুল হকের বেঞ্চ সোমবার মামলাগুলোর কার্যক্রমে তিন মাসের স্থগিতাদেশ দেয়।

এর আগে গত ৭ জুন এই ১০ মামলায় মাহফুজ আনামকে জামিন দিয়েছিল আদালত।

এ নিয়ে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা ৮৪টি মামলার মধ্যে ৮২টিতে জামিন ও স্থগিতাদেশ পেলেন ডেইলিস্টার সম্পাদক।

জরুরি অবস্থা চলার সময় ‘ডিজিএফআই এর সরবরাহ করা’ শেখ হাসিনার ‘দুর্নীতির খবর’ যাচাই না করে প্রকাশ করায় ডেইলি স্টার সম্পাদককে আসামি করে সারা দেশে এসব মামলা করা হয়।

এর মধ্যে ৭২টি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেছিলেন মাহফুজ আনাম। গত ১১ এপ্রিল হাই কোর্ট মামলাগুলোর কার্যক্রমে স্থগিতাদেশ দিয়ে রুল জারি করে।

মাহফুজ আনাম সোমবার ওই স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির আবেদন করলে আদালত আরও ছয় মাস মামলাগুলো স্থগিত করে দেয়।

আদালতে ডেইলি স্টারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়, গ্রেপ্তার করা হয় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও।

ওই সময়ের ঘটনা নিয়ে গত ৩ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তখন সংবাদ প্রকাশ করে বিরাট ভুল করেছিলেন তিনি।