গুলিস্তানে সংঘর্ষে গ্রেপ্তার ১৯০ জনের জামিন
রাজধানীর গুলিস্তানে হকারদের সঙ্গে ব্যবসায়ীদের সংর্ঘষের ঘটনায় গ্রেপ্তার ১৯০ জনকে জামিন দিয়েছে আদালত।
এদের মধ্যে ঢাকা ট্রেড সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবির মোল্লাও রয়েছেন।
ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন রোববার তাদের জামিন মঞ্জুর করেন।
গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টারের সামনের ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ নিয়ে গত বৃহস্পতি ও শুক্রবার হকারদের সঙ্গে বিপণি বিতানের ব্যবসায়ীদের সংঘর্ষ হয়।
দ্বিতীয় দিন সংঘর্ষের পর পুলিশ ওই এলাকা থেকে ১৯০ জনকে আটক করে, যাদের সবাই বিপণি বিতানের দোকান মালিক ও কর্মচারী।
পরে তাদের গ্রেপ্তার দেখানো হয় আগেরদিন সংঘর্ষের পর এক হকারের করা মামলায়।
লুৎফর রহমান নামের ওই হকার হত্যার হুমকি ও মারধরের অভিযোগে পল্টন থানায় এ মামলা দায়ের করেছিলেন বলে আসামিদের আইনজীবী আলী হোসেন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একজন সাংসদের মধ্যস্ততায় এ মামলার বাদী ও আসামিপক্ষের মধ্যে আপোষ হয়েছে। সে শর্তে সব আসামিকে জামিন দিয়েছে আদালত।
দ্বিতীয় দিনের সংঘর্ষের পর পল্টন থানা পুলিশের পক্ষ থেকেও একটি মামলা করা হলেও সে মামলায় এই ১৯০ জনের কেউ আসামি নয় বলে জানান আলী হোসেন।
