ভারি বর্ষণ, বন্দরেও সতর্কতা
সাগর উত্তাল থাকায় বাংলাদেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা বহাল রয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম, বরিশাল ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণ কয়েকদিন চলবে বলে আভাস মিলেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) কক্সবাজার উপকূল পার হয়েছে। তা বুধবারের মধ্যে দেশের পূর্বাংশ পর্যন্ত অগ্রসর হতে পারে।
রোববার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বরিশালের খেপুপাড়ায় ১০৯ মিলিমিটার।
শনিবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয় গোপালগঞ্জে ১৮৭ মিলিমিটার। ওই দিন রাজধানীতে ৭৫ মিলিমিটার, হাতিয়ায় ১১০ মিলিমিটার, চাঁদপুর ও মাইজদী কোর্টে ৯৯ মিলিমিটার, সন্দ্বীপে ৮৪ মিলিমিটার, কুতুবদিয়ায় ৮৩ মিলিমিটার, টেকনাফে ১৪৮ মিলিমিটার, খুলনায় ১১২ মিলিমিটার, বরিশালে ১২২ মিলিমিটার, পটুয়াখালীতে ৯৩ মিলিমিটার, ভোলায় ৭৭ মিলিমিটার, রংপুরে ৪১ মিলিমিটার ও রাজশাহীর বদলগাছীতে ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকাসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
বাংলা পঞ্জিকার হিসেবে রোববার জ্যেষ্ঠ মাসের ২৯ তারিখ। আষাঢ় মাসের আগে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কক্সবাজার উপকূলে রয়েছে। সোমবারের মধ্যে চট্টগ্রাম উপকূলে পৌঁছে যেতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার থেকে এ সতর্কতা অব্যাহত রয়েছে।
সাগরে অবস্থানরত নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।
