২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনা বাড়ায় মহাসড়কে ধীরগতির গাড়ি: শফিক আহমেদ

মহাসড়কে দ্রুতগতির যানবাহনের সঙ্গে ধীরগতির গাড়ি চলায় বেশি দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2016, 06:57 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

রাজধানীর শাহবাগে জাতীয় গ্রন্থাগারের সেমিনার হলে শনিবার এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সড়ক দুর্ঘটনার অন্যান্য কারণগুলোর পাশাপাশি দেশের হাইওয়েগুলোতে ধীরগতি ও দ্রুতগতির যানবাহন চলছে।

“ধীরগতিরগুলো বিদেশে কখনও হাইওয়েতে চলার অনুমতি পায় না। সেগুলো আমাদের দেশের হাইওয়েগুলোতে চলছে। এই ধীরগতির ও দ্রুতগতির যানবাহন একসাথে চলার কারণে দুর্ঘটনা বেড়ে চলছে।”

শফিক আহমেদ বলেন, “সড়ক দুর্ঘটনার জন্য আমরা চালককে এককভাবে দোষারোপ করতে পারি না। এজন্য আগে মালিকপক্ষকে সচেতন হতে হবে। দ্রুততার সাথে যানবাহন চলাচলে বাধ্য করা যাবে না।”

সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহণ শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি, জনসচেতনতা ও আইনের প্রয়োগ’ শিরোনামের এই সেমিনারের আয়োজন করে ‘সড়ক দুর্ঘটনা রোধে জাতীয় ঐক্য’ নামের একটি সংগঠন।

সংগঠনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দীন আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক সোলাইমান, অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বুয়েট এর পরিচালক ড. মোয়াজ্জেম হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান, শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী রেজাভী বক্তব্য দেন।

চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে অধ্যাপক মোয়াজ্জেম বলেন, “আমাদের দেশে প্রতিবছর গাড়ির সংখ্যা বেড়েই চলছে। কিন্তু সে হারে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে না। এদের প্রশিক্ষণ দেওয়া জাতির দায়িত্ব।”

চালকদের প্রশিক্ষণের জন্য ইনিস্টিটিউট গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।