২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বিমানে দেরি: শনিবারের মধ্যে তদন্ত শেষের আশা

সৌদি আরব থেকে ফেরার সময় প্রধানমন্ত্রীর বিমান অবতরণে দেরির কারণ অনুসন্ধানের তদন্ত শনিবারের মধ্যে শেষ করার আশা করছে সংশ্লিষ্টরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 12:21 AM

Updated : 20 Aug 2022, 12:56 PM

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জাকির হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবারের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন তৈরি করে ফেলতে পারবে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী দেশে ফেরার পর তার হাতে প্রতিবেদন বুঝিয়ে দেওয়া হবে।”

সৌদি আরব থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি গত মঙ্গলবার শাহজালাল বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে রানওয়েতে কিছু দেখতে পেয়ে আকাশে কিছুক্ষণ চক্কর দেয়।

প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি অবতরণ করতে ‘১৫ থেকে ১৭ মিনিট’ দেরি হয় বলে জাকির হোসেন জানিয়েছিলেন।

বিমানবন্দরের ফ্লাইট সেফটি বিভাগের পরিচালক জিয়াউল কবির বলেছিলেন, এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে একটি বিমান রানওয়ে থেকে ফিরে এসেছিল। ওই বিমানটির ধাতব কিছু অংশ রানওয়েতে পড়ে ছিল।

প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা এসএসএফের নজরে আসার পর সরকারপ্রধানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটটির অবতরণ পিছিয়ে রানওয়ে পরিষ্কার করা হয়।

Image
সৌদি আরব থেকে ফেরার পর শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সৌদি আরব থেকে ফেরার পর শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রীর বিমানের অবতরণ ঝুঁকিপূর্ণ করে তোলার মতো ওই ঘটনাটিকে গুরুত্ব দিয়ে মন্ত্রণালয়ের নির্দেশে তার তদন্তে তিনটি কমিটি গঠন করা হয়।

এর দুটি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, যার প্রধানরা হলেন জাকির হোসেন ও মোস্তাক আহমেদ। বিমানও একটি তদন্ত কমিটি করে।

তদন্তে কী পেয়েছেন- জানতে চাইলে বিমানবন্দরের পরিচালক জাকির বলেন, “কিছু পেয়েছি তো অবশ্যই। আরেকটি তদন্ত কমিটিও কাজ করছে। আমি কিছু বললে ওই কমিটি বায়াসড হতে পারে। তাই কিছু আপাতত না বলাই ভালো।”

কারও গাফিলতি পেয়েছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, “গাফিলতি একেবারে নেই, তা নয়। সেটি সুনির্দিষ্টভাবে খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে।”

ওই বিমানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বোন শেখ রেহানাসহ কয়েকজন স্বজন ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, কয়েকজন সচিব ছাড়াও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ব্যব্সায়ী ও সাংবাদিকরাও ছিলেন ওই বিমানে।

ভিভিআইপি চলাচলের আগে রানওয়ে পরিষ্কার করা হয়েছিল কি না- জানতে চাইলে জাকির হোসেন বলেন, “সব ধরনের বিষয় বিবেচনায় রেখেই পুরো ঘটনাটি তদন্ত করছি। প্রতিবেদন প্রস্তুত হলে বিস্তারিত জানানো সম্ভব হবে।”

ওই ঘটনার পর এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের এক অপারেটরকে প্রত্যাহার করা হয় বলে আগেই জানানো হয়।

পুরনো খবর:

প্রধানমন্ত্রীর বিমান অবতরণে দেরি তদন্তে দুটি কমিটি