২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবি মুহাম্মদ সামাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

প্রাণনাশের হুমকি পাওয়া জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালকসহ ১৮জন সাংস্কৃতিক সংগঠক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 10:22 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

বৃহ্স্পতিবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম ‍কু্দ্দুছ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানান তারা।

হুমকির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামাদ নিউ মার্কেট ও শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়।

ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এই অধ্যাপক ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে গত ৪ মে ফের নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।

অধ্যাপক সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগ থেকে টেলিফোনে হুমকি পেয়েছিলেন। ওই সময় প্রথমে ভাটারা ও শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।

“ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর সন্দেহজনক অনেককে আমার কক্ষের আশপাশে ঘুরঘুর করতে দেখেছি। এরপর আবার শাহবাগ ও নিউ মার্কেট থানায় জিডি করি। পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।”

গত ২৫ মে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেও হুমকির বিষয়টি অবহিত করেছিলেন জানিয়ে তিনি বলেন, “কিন্তু এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি।”

বিবৃতিদাতারা হলেন- বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজুমদার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সংস্কৃতিজন নাসির উদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ, কবিতা পরিষদের সাবেক সভাপতি স্থপতি রবিউল হুসাইন, সাধারণ সম্পাদক তারিক সুজাত, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী ও সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান।

এছাড়া রয়েছেন গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, চারুশিল্পী সংসদের সভাপতি শিল্পী রফিকুন নবী ও সাধারণ সম্পাদক শিল্পী মনিরুজ্জামান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ্, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা ও সাধারণ সম্পাদক আহম্মদ গিয়াস এবং নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।

অধ্যাপনার পাশাপাশি কাব্যজগতে বিচরণ করা মুহাম্মদ সামাদের প্রকাশিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে- আমার দু’চোখ জলে ভরে যায়, আজ শরতের আকাশে পূর্ণিমা, চলো, তুমুল বৃষ্টিতে ভিজি, পোড়াবে চন্দন কাঠ ইত্যাদি।

কাব্যক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি সৈয়দ মুজতবা আলী সাহিত্য পুরস্কার, কবি সুকান্ত সাহিত্য পুরস্কার, কবি জীবনানন্দ দাশ পুরস্কার, কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার, ত্রিভূজ সাহিত্য পুরস্কার, কবি বিষ্ণু দে পুরস্কার [২০০৯, পশ্চিমবঙ্গ, ভারত]সহ অনেক সম্মাননা লাভ করেন। তিনি জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা সংগঠকদের অন্যতম এবং তিন মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।