২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা করা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 08:15 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

গ্রেপ্তার নজরুল ইসলামের (৪০) বিরুদ্ধে নিজেকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন হোটেল ও মিষ্টির দোকান থেকে জরিমানার নামে টাকা আদায়ের চেষ্ঠার অভিযোগ রয়েছে।

মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার ওয়াহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুর থানার পেছন থেকে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নজরুল মোহাম্মদপুরের রিং রোডে মিষ্টির দোকান বনফুল, খাবার হোটেল রুচিতা এবং নাহার নামে তিনটি প্রতিষ্ঠানে গিয়ে নিজেকে বিএসটিআই’র ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়।

ঠিকমতো দরজা লাগানো নেই, খাবার খোলা কেন বলে জরিমানার টাকা দাবি করে।

বনফুলের কর্মচারী শহিদুল ইসলাম বলেন, দোকানে ঢুকে দরজা খোলা কেন বলে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানায়। পরে মালিককে জানালে তিনি তাড়াহুড়া করে এক হাজার টাকা দাবি করেন।

এরই মধ্যে টাকা না নিয়েই পাশে রুচিতা হোটেলে গিয়ে বিভিন্ন কথা বলে দুই লাখ টাকা জরিমানা করেন। পরে ওই হোটেলের মালিক সিটি কর্পোরেশনে কর্মরত তার এক পরিচিত কর্মকর্তাকে ফোন করলে সেখান থেকে দ্রুত বের হয়ে যায়।

এর সন্দেহ হওয়ায় নজরুলের পিছু নিয়ে তাকে পাশের আরেকটি খাবার হোটেলে ঢুকতে দেখেন জানান বনফুল কর্মচারী শহিদুল।

তিনি বলেন, “কিছুক্ষণ পর লোকটি ওই হোটেল থেকে বের হয়ে একটি রিকশায় ওঠেন। প্রায় এক কিলোমিটার তাকে অনুসরণ করে মোহাম্মদপুর থানার পেছনে তাকে আটকিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।”

এরই মধ্যে ওই পথ দিয়ে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যাওয়ার সময় হৈচৈ দেখে থামেন। এরপর ওই পুলিশ কর্মকর্তা নজরুলকে জিজ্ঞাসাবাদ শুরু করলে কোনো যথাযথ উত্তর দিতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান অতিরিক্ত উপ কমিশনার ওয়াহিদুল ইসলাম।