ইমেইল হ্যাক করে প্রতারণা: ঢাকায় নাইজেরীয় গ্রেপ্তার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় থেকে ইমেইল হ্যাক করে প্রতারণার অভিযোগে এক নাইজেরীয়কে গ্রেপ্তার করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।
নাইজেরিয়ার নাগরিক কিংসলে লিভিংস্টোনের সঙ্গে তার বাংলাদেশি স্ত্রী সোনিয়া শারমিনকেও গ্রেপ্তার করা হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পুলিশের নবগঠিত এই ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
তিনি বলেন, “আটকরা একটি অফশোর কোম্পানির ইমেইল হ্যাক বিপুল পরিমাণ টাকা গত মার্চে নিয়ে যায়। এই ঘটনায় তিনজনকে আসামি করে একটি মামলা হয়েছিল। এই ঘটনায় গতকাল কিংসলে ও সোনিয়াকে গ্রেপ্তার করা হয়।”
এই ঘটনার তদন্তকারীরা জানান, লিভিংস্টোন ও সোনিয়া ওই কোম্পানির ইমেইল একাউন্ট হ্যাক করে ওই কোম্পানির সঙ্গে সম্পর্কযুক্ত যুক্তরাষ্ট্রের একটি কোম্পানিকে জানায়, এখন থেকে তারা নতুন ব্যাংক একাউন্ট ব্যবহার করছে।
এরপর যুক্তরাষ্ট্রের ওই কোম্পানির পাঠানো অর্থ লিভিংস্টোনের খোলা ব্যাংক একাউন্টে আসে। এরমাধ্যমে তারা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় বলে জানান মনিরুল।
সোনিয়া আগেও এমন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন জানিয়ে এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, “লিভিংস্টোনকে জিজ্ঞাসাবাদে নাইজেরিয়ান ও ঘানার কয়েকজন নাগরিকের নাম বেরিয়ে আসছে। তাদের জিজ্ঞাসাবাদের চেষ্টা চলছে।”
লিভিংস্টোন ২০০৯ সাল থেকে বাংলাদেশে আছেন।
গত এক মাসে প্রতারণার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২২ জন নাইজেরীয়কে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের তথ্য।
তাদের গ্রেপ্তারের পর সমস্যায় পড়তে হয় মন্তব্য করে পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, “তাদের অধিকাংশের পাসপোর্ট থাকে না। সঠিক নাম-ঠিকানাও পাওয়া যায় না। তারা যেটি বলে তা গ্রহণ করতে হয়। আইনগত জটিলতায় তাদের নিজ দেশে পাঠানো সহজ হয় না।”
যারা অনলাইনে ব্যবসা-বাণিজ্য করেন তাদের সতর্ক থাকার পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা।
