২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বক্তা নেই, ‘বাধ্য’ হয়ে অধিবেশন মুলতবি

প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার প্রথম দিনেই বক্তার অভাবে আগেভাগে সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 01:27 PM

Updated : 12 Apr 2022, 02:13 AM

বুধবার সকাল ১০টায় সংসদ অধিবেশন বসে সোয়া দুই ঘণ্টার মাথায় মুলতবি হয়ে যায়, যদিও আগের দিনই একই সময় শুরু হয়ে আরও প্রায় এক ঘণ্টা বেশি চলেছিল।

বেলা সোয়া ১২টার দিকে অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার বলেন, “মাননীয় সদস্যবৃন্দ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। বাজেট আলোচনার জন্য মোট ৪৫ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০ ঘণ্টা বিরোধী দলের। বাকি সময়টা স্বতন্ত্র সংসদ সদস্যসহ সরকারি দলের।

“কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে, বিরোধী দলের একজন সদস্যেরও নাম দেওয়া হয়নি। সরকারি দলের সদস্যরা অনেকে উপস্থিত থাকলেও অনীহা প্রকাশ করছেন। বাধ্য হয়ে আমাকে সোয়া ১২টায় অধিবেশন মুলতবি করতে হচ্ছে।”

বুধবার ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়। নিয়ম অনুযায়ী ক্ষমতাসীন ও বিরোধী দলের প্রধান হুইপ বা হুইপরা আগেই স্পিকারের কাছে বক্তাদের তালিকা দেন। বক্তার সময়ও তারাই নির্ধারণ করে দেন।

সে তালিকা অনুযায়ী স্পিকার বক্তব্য দেওয়ার আহ্বান জানান। তবে কারও সময় বাড়ানোর প্রয়োজন হলে সেটা স্পিকারই বাড়িয়ে দেন।

এদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের আলী আশরাফ, আবু সাইদ আল মাহমুদ স্বপন, ইসরাফিল আলম ও স্বতন্ত্র সদস্য তাহজীব আলম সিদ্দিকী বাজেট আলোচনায় অংশ নেন।

অন্যদের নাম না পেয়ে ডেপুটি স্পিকার বলেন, “আপনারা এখন নাম দিচ্ছেন না। কিন্তু পরবর্তীতে আপনারা সময় চাইলে আপনাদের চাহিদা মতো সময় দেওয়া যাবে বলে আমি বিশ্বাস করি না।”

গত ১ জুন শুরু হয় সংসদের একাদশ অধিবেশন। পরদিন অর্থমন্ত্রী নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব করেন।

গত সোম ও মঙ্গলবার ২০১৫-১৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা করে তা পাশ হয়।

অধিবেশন শুরুর দিন কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বাজেটের ওপর ৪৫ ঘণ্টা সাধারণ আলোচনার সিদ্ধান্ত হয়।