ব্যয়ে স্বচ্ছতা আনতে বিশ্ব ব্যাংকের আরও ১ কোটি ডলার
স্বয়ংক্রিয় পদ্ধতিতে গণখাতে ক্রয় কার্যক্রম আরও কার্যকর এবং সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে অতিরিক্ত ১ কোটি ডলার দেবে।
সোমবার ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের বোর্ডসভায় এ অর্থ অনুমোদন পায় বলে সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৬ বছরের রেয়াতকালসহ ৩৮ বছরে শূন্য দশমিক ৭৫ শতাংশ সুদে বিশ্ব ব্যাংকের এই ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে।
সরকারের সব ক্রয় ও দরপত্র প্রক্রিয়া অনলাইনে করার উদ্দেশ্যে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ।
প্রকল্পটির মাধ্যমে ২০০ টেরাবাইটের একটি ডেটা সেন্টার তৈরি করা হবে। এটি সুরক্ষিত থাকবে। এতে ৮৬ লাখ টেন্ডার এবং ৩ লাখ ২৫ হাজার ঠিকাদারের নিবন্ধনের সক্ষমতা থাকবে।
