২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে আলেকজান্ডার পুশকিনের ভাস্কর্য উন্মোচন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাশিয়ার বিখ্যাত কবি ও সাহিত্যিক আলেকজান্ডার পুশকিনের ভাস্কর্য উন্মোচন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 09:42 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

মঙ্গলবার বিকালে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন চত্বরে স্থাপিত ভাস্কর্য উন্মোচন করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের পুরান সিনেট ভবনে এক আলোচনা সভায় মন্ত্রী আসাদুজ্জামান নূর পুশকিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, “তিনি ১৭ শতকের কবি হলেও তার রচনার বিষয়বস্তু আজকের দিনেও প্রাসঙ্গিক।

“রাশিয়া ঐতিহ্যগতভাবে আমাদের বন্ধু এবং সেই বন্ধুত্ব সুদৃঢ় হয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমাদের সহায়তার মধ্য দিয়ে। পরবর্তীকালে বাংলাদেশের পুনর্গঠনেও রাশিয়া সর্বাত্মক সহায়তা করেছে।”

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ রুশ ভাষায় অনুবাদের কাজ চলছে জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন, দুই দেশের সাহিত্যকর্ম বাংলা ও রুশ ভাষায় অনুবাদের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সজান্ডার আই. ইগনাতভ, রাশিয়ান রাইটার্স ইউনিয়ন পুশকিন শাখার সেক্রেটারি ইগোর নভোসেলভ, রাশিয়ান সেন্টার অব সায়েন্স অ্যান্ড কালচারের পরিচালক আলেক্সজান্ডার ডেমিন প্রমুখ।

আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, পুশকিন শুধু রাশিয়ার জাতীয় কবিই নন, তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় কবি হিসেবে স্বীকৃত।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সরকার ও জনগণের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতার কথা স্মরণ করেন উপাচার্য।