‘৫৪ ধারা’র অভিযোগ থেকে অব্যাহতি পাচ্ছেন আসলাম
সুনির্দিষ্ট অভিযোগে মামলা হওয়ায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার অভিযোগ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে অব্যাহতি দিতে আদালতে আবেদন করেছে পুলিশ।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির (উত্তর) পুলিশ পরিদর্শক গোলাম রব্বানী এ আবেদন করেন।
আদালতে প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্য মামলায় গ্রেপ্তার হওয়ায় আসলাম চৌধুরীর বিরুদ্ধে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছে তদন্ত কর্মকর্তা।”
বুধবার ঢাকার মহানগর হাকিম নুর নবীর আদালতে এ আবেদনটি উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
৫৪ ধারার অভিযোগটিতে আসলামের জামিন আবেদনে আগামী ১৩ জুন ঢাকার মহানগর দায়রা জজ আদালতে শুনানির দিন নির্ধারিত রয়েছে।
“সে কারণে আপাতত ৫৪ ধারার অব্যাহতির বিষয়ে আগামীকাল মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে কোনো প্রকার আদেশ নাও হতে পারে,” বলেন মিরাশ উদ্দিন।
ভারতে ইসরায়েলের এক রাজনীতিকের সঙ্গে আসলামের বৈঠকের খবর নিয়ে আলোচনার মধ্যে গত ১৫ মে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ।
এরপর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়। মতিঝিল ও লালবাগ থানার নাশকতার দুই মামলায়ও তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
