মৌচাক মার্কেটে দোকান বন্ধের আদেশ ৬ সপ্তাহ স্থগিত
ঢাকার মালিবাগের মৌচাক মার্কেটের দোকানপাট বন্ধ রাখতে হাই কোর্ট যে আদেশ দিয়েছিল, তা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছে চেম্বার আদালত।
মৌচাক মার্কেট বণিক সমিতির করা এক আবেদনে মঙ্গলবার চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার এ আদেশ দেন।
আবেদনকারী পক্ষে আদালতে শুনানিতে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ব্যারিস্টার রেজা ই রাব্বি।
অন্যদিকে হাই কোর্টে রিট আবেদনকারী ভবন মালিকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও ব্যারিস্টার মোহাম্মদ মোতাহার হোসেন।
আইনজীবী এ এম আমিন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট দোকানপাট বন্ধ করতে নির্দেশ দিয়েছিল। এই আদেশে ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছে চেম্বার বিচারপতি। ফলে দোকানিরা ব্যবসা পরিচালনা করতে পারবে।”
তবে ওই ভবন সংস্কারের যে আদেশ ছিল, তা বহাল রয়েছে বলে জানান এই আইনজীবী।
অবশ্য ভবন মালিকের কৌসুঁলি ব্যারিস্টার মোতাহার হোসেন বলেন, “হাই কোর্টের আদেশ সংশোধন করে দিয়ে আদালত বলেছে, নিজ ঝুঁকিতে দোকানিরা ছয় সপ্তাহ দোকান খোলা রাখতে পারবে।”
অবিলম্বে ভবন সংস্কারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দেওয়া নোটিসের বিরুদ্ধে বৈধতা চ্যালেঞ্জ করে মৌচাক মার্কেট ভবনের মালিক মালিক আশরাফ কামাল পাশা ও জেড কে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও গত বৃহস্পতিবার হাই কোর্টে এই রিট আবেদন করেন।
আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাই কোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এই আদেশ দেয়।
রুলে বলা হয়, বুয়েটের প্রতিবেদনের আলোকে সংস্কার করা বা বিল্ডিং কোড অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সক্ষমতা সনদ না পাওয়া পর্যন্ত এসব দোকান বন্ধ রাখতে হবে।
আদালত গৃহায়ন ও গণপূর্ত সচিব এবং রাজউক কর্তৃপক্ষকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলে হাই কোর্ট।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৭ মে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মৌচাক মার্কেটের ভবন মালিককে একটি চিঠি দেয়। তাতে বলা হয়, ইমারতটি বহু পুরাতন এবং বহুল ব্যবহৃত। প্রতিদিন সেখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।
ভবনটি ‘জীর্ণ ও দৃশ্যত ঝুকিপূর্ণ’ হয়ে ওঠায় বুয়েটের পুরকৌশল বিভাগের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে ভবনের ‘কাঠামোগত উপযুক্ততার সনদ’ নিয়ে তা রাজউকে দাখিল করতে বলা হয় ওই চিঠিতে।
এর ধারাবাহিকতায় বুয়েটের দেওয়া সুপারিশ জমা পড়লে ২ মে ভবন মালিককে আরেকটি চিঠি পাঠায় রাজউক।
দ্বিতীয় চিঠিতে বলা হয়, বুয়েটের প্রতিবেদনের পরও কাঠামোগত ঝুঁকি কমানোর ব্যবস্থা না নিয়ে ‘দায়িত্বহীনভাবে’ ভবনটি ব্যবহার করে চলেছে মালিক কর্তৃপক্ষ, যা জীবন ও সম্পদের জন্য ঝুকিপূর্ণ এবং ইমারত আইনের লঙ্ঘন।
বুয়েটের প্রতিবেদনের বরাতে ওই চিঠিতে বলা হয়, ভবনটির ভিতসহ কলামের ভার বহনের ক্ষমতা অপ্রতুল এবং সেটি ভূমিকম্প সহনশীল নয়। চার শতাধিক দোকানের ওই বিপণি বিতানে প্রতিদিন বহু লোক সমাগম ঘটে।
ভবনটির সংস্কার না করলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে জানিয়ে দোকান বন্ধ রেখে বুয়েটের করা রেট্রোফিটিং নকশা অনুযায়ী বিশেষজ্ঞ প্রকৌশলীর তত্ত্বাবধানে অবিলম্বে সংস্কার কাজ শুরুর জন্য মার্কেট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয় ওই চিঠিতে।
ভবন মালিকের উদ্দেশে সেখানে বলা হয়, “কাঠামোগতভাবে ঝুকিপূর্ণ ভবনটি ব্যবহারের কারণে কোনো দুর্ঘটনা ঘটলে একমাত্র আপনি এবং আপনার ব্যবস্থাপনা দায়ী থাকবে। সেক্ষেত্রে ইমারত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি চূড়ান্ত নোটিস বলে গণ্য হবে।”
