২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওভুক্তি নিয়ে সাংসদদের সমালোচনায় মুহিত

ঢালাওভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির জন্য তদবির করায় সংসদ সদস্যদের সমালোচনা করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এসব শিক্ষা প্রতিষ্ঠানের এক ‍তৃতীয়াংশ ‘খামাখা’ গড়ে ‍উঠেছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 02:52 PM

Updated : 12 Apr 2022, 02:13 AM

চলতি অর্থ বছরের সম্পূরক বাজেটের ছাঁটাই প্রস্তাবের ওপর মঙ্গলবার সংসদে একথা বলেন মুহিত।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পক্ষে অর্থমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়েরর জন্য বাড়তি অর্থ বরাদ্দের প্রস্তাব করলে জাতীয় পার্টির সংসদ সদস্যরা বাড়তি বরাদ্দ বাতিলের দাবি জানিয়ে এমপিওভুক্তি নিয়ে প্রশ্ন তোলেন।

জবাবে অর্থমন্ত্রী বলেন, “১৯৮৮ সালে এমপিওভুক্ত ৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ছিল। এখন এই সংখ্যা প্রায় ২৮ হাজার, যার এক-তৃতীয়াংশই খামাখা হয়েছে। এমন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে যেখানে শিক্ষক ৪ জন, আর ছাত্র একজন।

“আমাদের সংসদ সদস্যরা এমপিওভুক্তির বিষয়ে যেভাবে সোচ্চার হন, সেভাবে কেন ভুইফোঁড় শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে সোচ্চার নন সেটা বুঝতে পারি না।”

মুহিত বলেন, এক সময় মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ব্যক্তি উদ্যোগে পরিচালিত হতো। শিক্ষার প্রসারে অনেকে নিজে থেকেই এসব প্রতিষ্ঠান গড়ে তুলতেন।

“কিন্তু বলতে কষ্ট হচ্ছে, এখন অনেকে এমপিওর লোভে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছেন।”

পাঠ্য বইয়ের পরিমাণ নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী: “আমার মনে হয়, আমরা আ‍মাদের ভবিষ্যত প্রজন্ম নিয়ে সচেষ্ট নই। পাঠ্য বইয়ের এই বোঝা। এটা যে কত হেভি। এর মধ্যে কী কী আছে। সে সম্পর্কে আমরা সচেতন নই।”

এর আগে স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী পাঠ্য বইয়ের ভুল ও জাতীয় পার্টির সাংসদ নুরুল ইসলাম মিলন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্তি নিয়ে ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় কথা বলেন।