২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকার বাইরেও হবে ভারতীয় ভিসা ক্যাম্প’

ভবিষ্যতে রাজধানীর মতো দেশের অন্যান্য শহরেও ভিসা ক্যাম্প সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 06:50 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে ঢাকায় চলমান ‘ঈদ ভিসা ক্যাম্প’ সম্পর্কে অবহিত করে এ কথা বলেন ভারতীয় দূত।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, “চলমান ভিসা ক্যাম্প নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করার সময় ভারতের হাই কমিশনার জানান, ক্যাম্পের প্রথম দিন ছয় হাজার ভিসা ইস্যু করা হয়েছে।”

ঈদকে সামনে রেখে ভ্রমণ সহজ করতে শনিবার ভিসা ক্যাম্প শুরু করে ঢাকার ভারতীয় হাই কমিশন।

প্রেস সচিব আরও বলেন, “সাক্ষাতের সময় ভারতের হাইকমিশনার আরও বলেন, দুই দেশের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর লক্ষ্যে আগরতলা-আখাউড়া রেলওয়ে স্থাপনের কাজ চলছে।”

বাংলাদেশের কুমিল্লায় ভারতের ত্রিপুরা থেকে বিদ্যুৎ সরবরাহের কাজও চলছে জানান ভারতের হাই কমিশনার।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী। বাংলাদেশ সবসময় ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করাকে গুরুত্ব দেয়।

দুই দেশের বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন রাষ্ট্রপতি।

পরে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রামের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সাক্ষাতের সময় প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করে।

১৪টি দেশের এক হাজার ৪৯১ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়ছে বলেও রাষ্ট্রপতিকে জানানো হয়।

রাষ্ট্রপতি এ সময় লেখাপড়ার বাইরে বিভিন্ন সামাজিক কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি এসময় নিষ্ঠার সঙ্গে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে দেশের সুনাম বাড়ানোয় কাজ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।