২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল তথ্য সরবরাহ: ৭ বোর্ড কর্মকর্তাকে শোকজ

ফলাফলের ভুল তথ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতির ঘটনায় তিন শিক্ষা বোর্ডের সাতজন পরিদর্শককে কারণ দর্শানোর নোটিস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 06:06 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

ঢাকা, রাজশাহী এবং দিনাজপুর বোর্ডের ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতির জন্য পরিদর্শন প্রতিবেদনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ভুল তথ্য সরবরাহ করায় সোমবার তাদের নোটিস পাঠানো হয়।

এই কর্মকর্তাদের আগামী সাত দিনের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, একাডেমিক স্বীকৃতি পেতে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি ও এইচএসসির ফলাফলের মিথ্যা তথ্য দেয়, যা সংশ্লিষ্ট বোর্ডের পরিদর্শকদের মাধ্যমে মন্ত্রণালয়ে আসে।

শোকজ পাওয়া কর্মকর্তারা হলেন- ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক মো. আশফাকুস সালেহীন, উপ-কলেজ পরিদর্শক অদ্বৈত কুমার রায় ও বিদ্যালয় পরিদর্শক মো. শাহেদুল খবির চৌধুরী।

রাজশাহী বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মোহা. দুরুল হুদা ও মো. মঞ্জুর রহমান খান এবং বিদ্যালয় পরিদর্শক দেবাশীষ রঞ্জন রায়কে শোকজ করা হয়েছে।

এছাড়া দিনাজপুর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্যকেও শোকজ করেছে শিক্ষা মন্ত্রণালয়।