২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী সাংবাদিকের শ্লীলতাহানির দায়ে ৩ বছরের জেল

এক নারী সাংবাদিকের শ্লীলতাহানির দায়ে এক বখাটে যুবককে তিন বছরের সশ্রম কারাদাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 03:58 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

দণ্ডিত মাহাবুব হাসান রুমী রাজধানীর ২৩/ক উত্তর মুগদাপাড়ার বাসিন্দা। 

তিন বছর কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। ওই অর্থ দিতে না পারলে তাকে আরও তিন মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক তানজীনা ইসমাইল সোমবার এই রায় দেন।

২৭ বছর বয়সী ওই নারী সাংবাদিকের স্বামীও সাংবাদিকতা পেশায় যুক্ত। তাদের দুই মেয়ে কমলাপুরের একটি স্কুলে পড়ে।

মামলার বিবরণে বলা হয় , বাচ্চাদের স্কুলে আনা নেওয়ার সময় ওই নারী সাংবাদিককে প্রায়ই উত্ত্যক্ত করত রুমী ও তার বখাটে বন্ধুরা। ২০১৩ সালের ২ জুন সেই বখাটেরা পথরোধ করে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকলে তরুণী মা প্রতিবাদ করেন। এক পর্যায়ে বখাটেরা তার গায়ে হাত তোলে এবং মারধর শুরু করে।

এ সময় ওই তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটেরা সরে যায়। যাওয়ার সময় তারা শাসিয়ে যায়- এসব ঘটনা পুলিশকে জানালে ‘জীবন শেষ করে ফেলবে’।

ওই ঘটনার বিবরণ দিয়ে ৮ জুন  মুগদা থানায় রুমী ও তার সহযোগী রবুর বিরুদ্ধে মামলা করেন সেই নারী সাংবাদিক। সেখানে তিনি বলেন, এই বখাটেদের ভয়ে এলাকার কেউ মুখ খোলে না।

রবুর  স্থায়ী কোনো ঠিকানা না পাওয়ায় ওই বছর ৩১ অগাস্ট কেবল রুমীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় মুগদা থানার এস আই মোকলেসুর রহমান।

এ মামলার বিচারে রাষ্ট্রপক্ষে চারজনের সাক্ষ্য শোনে আদালত। সাক্ষীদের মধ্যে একাধিক স্কুলশিক্ষকও রয়েছেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আলী আসগর স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, রায়ের সময় আসামি রুমী কাঠগড়ায় দাঁড়িয়েও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে।

রুমীর পক্ষে মামলা পরিচালানা করেন আইনজীবী মহিবুর রহমান আপেল।