২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাম ভবনের নিরাপত্তা জোরদারের সুপারিশ

সংসদ সদস্য (ন্যাম) ভবনে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপসহ ভবনগুলোর নিরাপত্তা জোরদারের সুপারিশ করেছে সংসদ কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 08:36 PM

Updated : 12 Apr 2022, 02:12 AM

রোববার সংসদ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদ সদস্যদের আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করে সংসদ কমিটি।

কমিটির সভাপতি সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকেদের বলেন, “আমাদের বেশিরভাগ সদস্য সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। ৭০ জন আনসার সদস্যকে সার্বক্ষণিক রাখার ব্যবস্থা করার কথা বলেছি। আনসার সদস্যদের থাকার ব্যবস্থা কি করা যায় সেটা নিয়েও আলোচনা হয়েছে।

“নিরাপত্তার স্বার্থে এমপিদের গেস্ট আগমনের ক্ষেত্রে একটু কড়াকড়ি আরোপের কথা বলা হয়েছে। রাজনীতিবিদদের কাছে অনেকেই আসেন। কে কোন ফাঁকে ঢুকে কী ঘটিয়ে যায় সেটা তো আর বলা যায় না, তাই সবাইকে সর্তক করা হয়েছে।”

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়ায় সংসদ সদস্য ভবনের ফ্ল্যাটে বসবাস করা সাংসদদের জন্য চাহিদার ভিত্তিতে পর্যায়ক্রমে একটি রিডিং টেবিল, একটি চেয়ার এবং একটি বুক সেলফ সরবরাহের বিষয়টি তরান্বিত করার সুপারিশ করা হয়।

তাছাড়া সংসদ সদস্যদের ব্যক্তিগত পর্যায়ে টিভি ফ্রিজ ক্রয় ও রক্ষণাবেক্ষণের সুপারিশ করা হয়। কমিটি সংসদ ভবন এলাকা থেকে কুকুর সরানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

আ স ম ফিরোজের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. তাজুল ইসলমা চৌধুরী, সাগুফতা ইয়াসমিন, পঞ্চানন বিশ্বাস, ফজলে হোসেন বাদশা এবং তালুকদার মো. ইউনুস বৈঠকে অংশ নেন।