২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোরশেদ খানের হংকংয়ের অ্যাকাউন্ট জব্দের নির্দেশ হাই কোর্টের

হংকংয়ের স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান, তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোর্শেদ খানের অ্যাকাউন্টে দশ দিন জব্দ রাখার (ফ্রিজ) আদেশ দিয়েছে হাই কোর্ট।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 03:49 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

মানি লন্ডারিং নিয়ন্ত্রণ আইনের এক মামলায় ওই তিনজনকে অব্যাহতির সুপারিশ করে দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন নিম্ন আদালতের গ্রহণের বিরুদ্ধে দুদকের এক আবেদনে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ রোববার রুলসহ এ আদেশ দেয়। 

চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না এবং কেন এ মামলায় পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে আদালতের রুলে। 

মোর্শেদ খান, তার স্ত্রী ও ছেলে এবং রাষ্ট্রপক্ষকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে হাই কোর্ট। আগামী ১৫ জুন বিষয়টি আবার আদেশের জন্য আদালতে আসবে।

ঘটনার বিবরণে জানা যায়, মানি লন্ডরিং নিয়ন্ত্রণ আইনে ২০১৩ সালে দুর্নীতি দমন কমিশন মোর্শেদ খান, তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোর্শেদ খানের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় ২০১৫ সালের জুলাই মাসে দুদক চূড়ান্ত প্রতিবেদন দেয়।

সেখানে বলা হয়, ওই ঘটনায় কোনো মানি লন্ডারিং ‘হয়নি’। ওই চূড়ান্ত প্রতিবেদন ১৫ এপ্রিল বিচারিক আদালত গ্রহণ করলে মোর্শেদ খান, নাসরিন খান ও ফয়সাল মোর্শেদ খান অভিযোগ থেকে অব্যহতি পান।   

দুদক কৌঁসুলি জানান, হংকংয়ের স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের ওই হিসাবটি ২০০৮ সাল থেকে এক প্রশাসনিক আদেশে জব্দ করে রাখে হংকংয়ের পুলিশ। এরপর তারা বাংলাদেশে চিঠি দিয়ে জানায়, নতুন কোনো পদক্ষেপ না থাকলে ওই অ্যাকাউন্ট তারা খুলে দেবে।

এ অবস্থায় দুদক মামলাটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেয় এবং পুনঃতদন্তের জন্য বিচারিক আদালতের অনুমতি চাওয়া হয়।

ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ২ জুন দুটি আবেদনই খারিজ করে দেয়। নিম্ন আদালতের এ আদেশের বিরুদ্ধে দুদক হাই কোর্টে রিভিশন আবেদন করলে রোববার শুনানি হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম।

দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি জানান, দুদক চূড়ান্ত প্রতিবেদন দিলেও তিনি পরে দেখতে পান, অভিযোগপত্র দেওয়ার উপাদান সেখানে ছিল। এ কারণে দুদক কর্তৃপক্ষ পরে পুনঃতদন্তের আবেদন জানায়। 

আদেশের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তিনজনের অ্যাকাউন্টে ১৬ মিলিয়ন হংকং ডলার আছে। অ্যাকাউন্টগুলো দশ দিন জব্দ থাকবে। আমার জানা মতে, এটি বাংলাদেশের হাই কোর্টের  প্রথম কোনো রায়, যেখানে বিদেশি কোনো হিসাব জব্দের আদেশ হল।

“আদালত জানতে চেয়েছিল বিদেশি কোনো ব্যাংক হিসাব ফ্রিজ রাখাতে বলা যায় কি না? আমি দেখিয়েছি, ২০১২ সালের ওই আইনের ১৪ ধারার উপধারা অনুসারে দেশে বা বিদেশে মানি লন্ডারিং সংক্রান্ত যে কোনো সম্পত্তি আদালত মনে করলে জব্দ করার আদেশ দিতে পারে,” বলেন খুরশীদ আলম।