২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএসসির পরীক্ষা বাতিলের দাবিতে নার্সদের বিক্ষোভ

সরকারি পর্যায়ে নার্স নিয়োগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) অধীনে পরীক্ষা চলার মধ্যেই তা বাতিল চেয়ে রাজধানীতে বিক্ষোভ করেছে এই পেশায় ডিপ্লোমা সনদধারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2016, 01:36 PM

Updated : 20 Aug 2022, 12:53 PM

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টার বিপিএসসির অধীনে সারা দেশে নার্স নিয়োগের পরীক্ষা হয়। এর মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ঢাকা নার্সিং কলেজের সামনে কয়েকশ বেকার নার্স জড়ো হয়।

ব্যাচ ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে সনদধারীর নার্সদের সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) ও বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি (বিবিজিএনএস)।

বিডিবিএনএর মহাসচিব ফারুক হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই পরীক্ষা বাতিল না করলে আমরা বৃহত্তর আন্দোলন ঘোষণা করব।”

শুক্রবারের পরীক্ষা বাতিল করে নার্সিং পেশার বিভিন্ন স্তরে ব্যাচ ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবি জানান বিবিজিএনএসের সাধারণ সম্পাদক নাহিদা আক্তার।

বিক্ষোভরত নার্সদের জমায়েত দেখিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নার্সিং ইনস্টিটিউটের চত্বরে নার্সদের জায়গা হচ্ছে না। এতো নার্স পরীক্ষা না দিয়ে এখানে বিক্ষোভ করছে ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে।

“আশা করছি, সরকার শিগগির এই পরীক্ষা বাতিল করে ব্যাচভিত্তিক নিয়োগ দেবে।”

বিক্ষোভরত এক নার্স বলেন, “২০১১ সালে নার্সের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণি করার পরও ২০১৩ সালে ৪ হাজার ১০০ জন নার্স ব্যাচভিত্তিক নিয়োগ দেয় সরকার। কিন্তু এখন সরকার পিএসপির মাধ্যমে এই নিয়োগ দিতে চাচ্ছে।

 “আগে যেহেতু ব্যাচভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। এখন আমাদের নিয়োগ দিলে সমস্যা কী?”

পিএসসির মাধ্যমে না করে আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিল বেকার নার্সরা।

এক পর্যায়ে তারা অনশন শুরু করলে গত ১ মে দাবি পূরণের আশ্বাস দিয়ে তাদের সেই কর্মসূচি ভাঙিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম।

কিন্তু সেই দাবি পূরণ হচ্ছে না দেখে সম্প্রতি আবার আন্দোলন শুরু করে শিক্ষার্থী ও বেকার নার্সরা। গত সোমবার তারা সচিবালয়ে মিছিল নিয়ে এগোলে পুলিশ তাদের লাঠিপেটা করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়ে বুধবার বিকালে স্বাস্থ্যমন্ত্রী নাসিমের বাড়ির সামনে অবস্থান নিলে পুলিশ লাঠিপেটা করে তাদের তুলে দেয়।

শুক্রবারের বিক্ষোভের বিষয়ে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, “নার্সরা ঢাকা মেডিকেল কলেজ ভেতরে নার্সিং ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ করছে। কেউ রাস্তায় আসছে না।

“তবে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি করলে আমরা ব্যবস্থা নেব।”

নার্সদের নেতা ফারুক বলেন, দুপুরের দিকে বিক্ষোভ মিছিল করে টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণার পরিকল্পনা রয়েছে তাদের।