২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলহাজ মান্নানের পরিবারকে বারাক ওবামার চিঠি

ইউএসএআইডি কর্মকর্তা অধিকারকর্মী জুলহাজ মান্নানের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে তার পরিবারকে চিঠি দিয়ে  পাশে থাকার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2016, 12:14 PM

Updated : 12 Apr 2022, 02:11 AM

বাংলাদেশে ইউএসএআইডির মিশন প্রধান ইয়ানিনা জারজালস্কি বৃহস্পতিবার ওই চিঠি পরিবারের কাছে পৌঁছে দেন বলে জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রেসিডেন্ট ওবামা ও মিশেল ওবামার পক্ষ থেকে চিঠিতে আমাদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। বলা হয়েছে, সম অধিকার প্রতিষ্ঠার জন্য জুলহাজের সাহসীকতা ও নিষ্ঠা অন্যদেরও অনুপ্রাণিত করবে।”

গত ২৫ এপ্রিল কলাবাগানে বাড়িতে ঢুকে জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে হত্যা করা হয়।

৩৫ বছর বয়সী জুলহাজ সমকামীদের অধিকার প্রতিষ্ঠার সাময়িকী ‘রূপবান’ সম্পাদনায় যুক্ত ছিলেন। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির খালাত ভাই।

জুলহাজের বন্ধু মাহবুব রাব্বী তনয় (২৬) ছিলেন লোকনাট্য দলের কর্মী। পিটিএ নামে একটি প্রতিষ্ঠানে ‘শিশু নাট্য প্রশিক্ষক’ হিসেবেও কাজ করতেন তিনি।

ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আল কায়দার নামে বার্তা এলেও পুলিশ বলছে, নিষিদ্ধ জঙ্গি দল আনসারউল্লাহ বাংলা টিম ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ওই সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তারও করা হয়েছে।  

তবে এক মাস পেরিয়ে গেলেও তদন্তে তেমন কোনো অগ্রগতি না হওয়ায় হতাশা কাজ করছে জুলহাজ মান্নানের পরিবারে।

ওই হত্যাকাণ্ডের পর ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছিলেন, বিষয়টিকে তিনি ব্যক্তিগতভাবে নিয়েছেন।

এপ্রিলের শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে জুলহাজ হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার অনুরোধ জানান।