যুদ্ধাপরাধ: খালাস চেয়ে আপিল কিশোরগঞ্জের শামসুদ্দিনের
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া কিশোরগঞ্জের রাজাকার শামসুদ্দিন আহমেদ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করার কথা জানান শামসুদ্দিনের আইনজীবী মাসুদ রানা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডাদেশ থেকে খালাস চেয়ে আপিল করেছেন শামসুদ্দিন। ২৮টি যুক্তিতে করা আপিল আবেদনে মোট পৃষ্ঠাসংখ্যা ৪৭৫।”
গত ৩ মে যুদ্ধাপরাধের দায়ে শামসুদ্দিনসহ কিশোরগঞ্জের চার রাজাকারকে মৃত্যুদণ্ড এবং এক রাজাকারকে আমৃত্যু কারাদণ্ডের রায় দেয় ট্রাইব্যুনাল।
মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামিরা হচ্ছেন- শামসুদ্দিনের ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন নাসিরউদ্দিন আহমেদ, রাজাকার কমান্ডার গাজী আবদুল মান্নান ও হাফিজউদ্দিন আহমেদ। আমৃত্যু কারাদণ্ড হয় আসামি আজহারুল ইসলামের।
শামসুদ্দিন ছাড়া অন্য আসামিরা পলাতক।
