২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলা পাকাতে রাসায়নিক, ঢাকায় ১৯ ব্যবসায়ীর সাজা

ক্ষতিকর রাসায়নিক দিয়ে কলা পাকানোর অপরাধে রাজধানীর কারওয়ান বাজারের ১৯ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 08:34 PM

Updated : 20 Aug 2022, 12:51 PM

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন ও সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে কয়েকটি কলার আড়তে রাসায়নিক ব্যবহারের প্রমাণ পায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আড়তে প্রথমে কলা ক্ষতিকারক রাসায়নিকের দ্রবণে ডুবিয়ে রাখা হয়। পরে সেগুলো তুলে কাপড় দিয়ে ঢেকে ওপরে আরেক দফা রাসায়নিক দ্রব্য স্প্রে করা হয়। এতে কলাগুলো ২/১ দিনের মধ্যে পুরোপুরি হলুদ রং ধারণ করে।

কলা পাকাতে যেসব রাসায়নিক দ্রব্য মেশানো হচ্ছে তার মধ্যে ক্ষতিকর ‘ইথোফেন’ রয়েছে। অভিযানে ‘ইথোফেনের’ বোতলও জব্দ করা হয়।

আদালত বিসমিল্লাহ আড়তের মো. জাহিদ হাসান, সেলিম শিকদার ও জাকির হোসেন এবং আদর্শ কলার আড়তের মো. তারা মিয়াকে এক মাস ও সুমন সরকারকে তিন মাস কারাদণ্ড দেয়।

এছাড়া ভাই ভাই কলার আড়তের সেলিম মিয়া, মায়ের দোয়া আড়তের মোজাম্মেল হক, আশরাফ উদ্দিন ও মো. সোলায়মান, তোরাব আলীর কলার আড়তের সেলিম, মো. আবদুস সাত্তার ও দীন মোহাম্মদকে দুই মাস করে কারাদণ্ডের আদেশ দেয় আদালত।

মাহবুব অ্যান্ড সন্স কলার আড়তের মো. রমজান আলী, আরাম কলার আড়তের রমজান আলী, তাজু কলার আড়তের কবিরুল ইসলাম ও শাহ আলম কলার আড়তের সামসুল হককে তিন মাস এবং ইব্রাহিম কলার আড়তের সালাম, রফিক উদ্দিন ও ফরহাদ এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া রাসায়নিক দেওয়া ৮০ হাজার কলা ধ্বংস করার জন্য মাতুয়াইলে সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনে পাঠানো হয়।

র‌্যাব কর্মকর্তা মেজর মোহাম্মদ আতাউর রহমান, সহকারি পুলিশ সুপার মো. ইয়াছির আরাফাত ছাড়াও বিএসটিআইয়ের বিশেষজ্ঞ দল ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা অভিযানের সময় উপস্থিত ছিলেন।