২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গঠনমূলক ও ন্যায্য’ সমালোচনা প্রত্যাশা প্রধান বিচারপতির

বিচার বিভাগের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যম ‘গঠনমূলক এবং ন্যায্য’ সমালোচনা করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2016, 12:38 AM

Updated : 20 Aug 2022, 12:48 PM

“বিদ্বেষ প্রসূত হয়ে বিচার বিভাগকে হেয় প্রতিপন্ন করা কোনোভাবেই কাম্য নয়,” বুধবার এক অনুষ্ঠানে বলেছেন তিনি।

‘দৈনিক প্রতিদিনের সংবাদ’ এর নবযাত্রা উপলক্ষে বাংলা একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিচারপতি সিনহা সংবাদপত্রের পটভূমি, মুক্তিযুদ্ধে সংবাদপত্র ও সাংবাদিকদের অবদান, আইনের শাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা, সুশাসন প্রতিষ্ঠায় সংবাদ মাধ্যমের অবদান, সংবাদপত্রের নেতিবাচক প্রভাব নিয়ে কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, “একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রকৃত সুন্দর হল বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। সংবাদপত্রের স্বাধীনতা ব্যতীত গণতন্ত্র অর্থহীন।

“রাষ্ট্র যখন বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারে, তখনই বলা যায় যে একটি স্বাধীন রাষ্ট্রে গণতন্ত্র গুণগত এবং দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে।”

রাষ্ট্র পরিচালনায় বিচার বিভাগের ভূমিকার গুরুত্ব তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, “বিচার বিভাগ স্বাধীন না হলে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা পায় না। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সাংবাদিকরা।

“ফলে বিচার বিভাগ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক অত্যাবশ্যক। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিচার বিভাগ ও বিচারপ্রার্থী জনগণের আশা-আকাঙ্ক্ষা, প্রাপ্তি-অপ্রাপ্তি এবং লক্ষ্য ও উদ্দেশ্য ইত্যাদি বিষয়ে সংবাদ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলকে সচেতন করার গুরু দায়িত্ব পালন করে আসছে।”

এই প্রসঙ্গেই তিনি বলেন, “তবে কিছু কিছু সংবাদপত্র ব্যক্তিগত বিদ্বেষ, একপেশে খবর, অদূরদর্শী এবং পত্রিকার কাটতি বাড়ানোর জন্য নৈতিকতা বিবর্জিত সংবাদ প্রচার করে বিচার বিভাগ তথা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে।

“অনেক সময় মিডিয়া ট্রায়ালের ফলে বিচারক এবং বিচারপ্রার্থী জনগণ বিব্রত হয়, যা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত।”

‘বিচার বিভাগও ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়’- স্বীকার করেই গঠনমূলক সমালোচনার প্রত্যাশা প্রকাশ করেন বিচারপতি সিনহা।