২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষকদের ছয়দফা মেনে নেওয়ার দাবি

প্রধান শিক্ষকদের নিচের ধাপে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণসহ ছয় দফা মেনে নেওয়ার দাবি জানিয়েছে ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2016, 06:07 PM

Updated : 12 Apr 2022, 02:06 AM

সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি এসেছে।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের ছয়দফার মধ্যে রয়েছে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকদের নিচের ধাপে নির্ধারণ করা, সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ করে সহকারী শিক্ষক পদ থেকে নিয়োগ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে মহাপরিচালক পদ পর্যন্ত শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ প্রদান করা।

এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা পরিবর্তন করে নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা, ঢাকাসহ শহরাঞ্চলে প্রধান ও সহকারী শিক্ষক বদলী বন্ধ করা ও বদলি নীতি সংশোধন করা, নন-ভ্যাকেশনাল ডিপার্টমেন্ট হিসেবে ঘোষণা করে প্রাথমিক শিক্ষকদের জন্য অর্জিত ছুটির বিধান প্রণয়ন করা, প্রত্যেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে অফিস সহকারী নিয়োগের দাবিও রয়েছে তাদের ছয় দফায়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে আর্থিক সমতা স্থাপন করে কর্মক্ষেত্রে সুন্দর পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতার সাথে কাজ করার সুযোগ তৈরি করতে হবে। শিক্ষকদের সামাজিক, অর্থনৈতিক মান উন্নয়ন ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়।

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ ও ২০১৪ সালের ৯ উন্নীত বেতন কাঠামো প্রদান করে তারই প্রমাণ রেখেছেন। কিন্তু বেতন এমনভাবে প্রদান করা হয়েছে যাতে করে প্রধান শিক্ষক ও সহাকারী শিক্ষকদের মধ্যে ব্যাপকভাবে বেতনের পার্থক্য দাঁড়িয়েছে।”

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হালিমুজ্জামান। এছাড়া সংগঠনের সভাপতি শাহিনুর আল-আমীনও বক্তব্য রাখেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়ার সহ-সভাপতি এ.কে.এম খসরুজ্জামান, মো. নুরুল ইসলাম, মাহবুব হাসান রাজু, বাধন খান পাঠান ববি, আজিজার রহমান মিল্টন, মো. সেলিম হোসেন, মো. নুরুজ্জামান সেলিম, মো. শাহীন হাওলাদার প্রমুখ।