২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ব্যাংক ডাকাতির মামলায় এবার যুক্তিতর্ক

আশুলিয়ায় ব্যাংক ডাকাতির মামলায় আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থন শেষে এবার যুক্তিতর্কের জন্য দিন রেখেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2016, 06:56 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

ঢাকার জেলা ও দায়রা জজ এম এম কুদ্দুস জামান আগামী ২৪ ও ২৫ মে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন রেখেছেন।

আলোচিত এ মামলার ১০ আসামির আত্মপক্ষ সমর্থন শেষ হয় রোববার। মামলায় মাত্র ২৪ কার্যদিবসে শুনানি নিয়ে যুক্তিতর্ক উপস্থাপনের দিন রাখা হয় বলে আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি মো. আব্দুল মান্নান জানিয়েছেন।

গত বছরের ২১ এপ্রিল সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংকের একটি শাখা কার্যালয়ে হানা দেয় ডাকাত দল। এ সময় তাদের ছোড়া গুলিতে ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপকসহ আটজন নিহত হন। জঙ্গি অর্থায়নে তহবিল গঠনের জন্য এ ডাকাতি বলে গ্রেপ্তারদের বরাত দিয়ে জানায় পুলিশ। 

মামলার ১১ আসামির মধ্যে ১০ জন গ্রেপ্তার রয়েছেন, তাদের সাতজনই নিষিদ্ধ সংগঠন জামায়তুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

ওই সাতজন ডাকাতির ঘটনায় সংশ্লিষ্টতার কথা স্বীকার করে আগেই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

তবে ওই জবানবন্দি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করা হয়েছে জানিয়ে আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকের শুনানিতে তারা আত্মপক্ষ সমর্থন করেছেন। ওই সাতজন বলেছেন, নির্যাতনের মাধ্যমে তাদের কাছ থেকে জবানবন্দি আদায় করা হয়েছিল।”

আত্মপক্ষ সমর্থনে আসামিদের সবাই নিজেদের নির্দোষ দাবি করেছেন বলে জানান।