চার বেসরকারি মেডিকেলকে আল্টিমেটাম
নিজস্ব ক্যাম্পাসের জন্য জমি নিবন্ধনসহ মেডিকেল কলেজ পরিচালনার নীতিমালা প্রতিপালনের প্রয়োজনীয় কাগজপত্র আগামী ১৫ দিনের মধ্যে জমা দিতে না পারলে চারটি বেসরকারি মেডিকেলের একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মেডিকেলগুলো হলো- রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ, পপুলার মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এই বৈঠক হয়।
বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের (চিকিৎসা শিক্ষা) নেতৃত্বে বেসরকারি কলেজ কার্যক্রম পরিদর্শন কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজ পরিদর্শন করে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে।
এই প্রতিবেদন পাওয়ার পর কলেজগুলোর একাডেমিক কার্যক্রমের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান,বিএমডিসি সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহ্সহ মন্ত্রণালয় এবং অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
