২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মন্ত্রী আমিনুল হকের দুর্নীতি মামলা চলবে

মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুদকের করা মামলা বাতিল চেয়ে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 06:14 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

মামলা বাতিল প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ এই রায় দেয়।

পাশাপাশি মামলার কার্যক্রমে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে জানিয়ে দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটির কার্যক্রম চলতে এখন আর কোনো আইনি বাধা নেই।

মামলার বিবরণে জানা যায়, ফোন সেট নির্মাতা প্রতিষ্ঠান সিমেন্সের কাছ থেকে ১৭ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগে ২০১২ সালের ৭ জুন রমনা থানায় আমিনুল হক ও তার বেয়াই মিজানুর রহমানের (সিমেন্সের উপদেষ্টা) বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা করে দুদক।

এতে অভিযোগ করা হয়, বিএনপি-জামায়াত জোট সরকার আমলের এই মন্ত্রী ২০০৪ থেকে ২০০৬ সালের মধ্যে সিমেন্সেকে বিটিটিবির (বর্তমান বিটিসিএল) একটি প্রকল্পের কাজ পাইয়ে দিতে ‘সহায়তা’ করেন। এর বিনিময়ে সিমেন্সের কাছ থেকে ১৭ লাখ আট হাজার ১৪৫ ডলার ঘুষ নেন তিনি।

এই মামলা বাতিল চেয়ে আমিনুল হক ও মিজানুর রহমান হাই কোর্টে আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে ২০১২ সালের ২১ জুন হাই কোর্ট রুল ও স্থগিতাদেশ দেয়। রুলে মামলাটি কেন বাতিল ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়।

ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার হাই কোর্ট রায় ঘোষণা করল।

আদালতে আমিনুল হকের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক। মিজানুরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

পরে খুরশীদ জানান, বর্তমানে মামলাটি তদন্ত পর্যায়ে রয়েছে।