ছাই বানাতে ছাই ছাই করা হচ্ছে সুন্দরবন: হাছান
‘ছাই উৎপাদনের’ জন্য সুন্দরবনে অগ্নিকাণ্ড ঘটানো হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাছান মাহমুদ।
সুন্দরবনের প্রধান বন সংরক্ষকের বরাত দিয়ে সাবেক এই বনমন্ত্রী বলছেন, বন পুড়ানো ছাই দিয়ে মাগুর ও শিং মাছের খাবার তৈরি করা হচ্ছে। আর এভাবে ছাই উৎপাদন করতে গিয়ে পুরো বনই ছাই করে দেওয়া হচ্ছে।
বুধবার বিকালে জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সুন্দরবনে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে তিনি একথা বলেন।
গত ১৩, ১৮ ও ২৭ এপ্রিল তিন দফা সুন্দরবনের ধানসাগর স্টেশনের বিভিন্ন এলাকায় আগুন লাগে। বনবিভাগ এসব ঘটনার জন্য ‘দুর্বৃত্তদের’ দায়ী করে আসছে।
দফায় দফায় আগুন লাগার পর সুন্দরবনের পূর্ব অংশে চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে ‘বিশেষ সতর্কতা’ জারি করে বনজীবীদের প্রবেশ নিষিদ্ধ করেছে বনবিভাগ।
একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়।
জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেন, “চলতি বছর সুন্দরবনে চারবার অগ্নিকাণ্ড ঘটেছে, যা অস্বাভাবিক। গত ১৫ বছরে ২২ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
“বৈঠকে অগ্নিকাণ্ডের কারণ ও প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছিলাম। জবাবে সুন্দরবন প্রধান বনসংরক্ষক জানিয়েছেন, এবছর দুবার আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আর জেলেদের দুইপক্ষের মাছ ধরার প্রতিযোগিতা থেকে দুবার আগুন লেগেছে।”
আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, “সুন্দরবনের ভিতরে খুব স্যাঁতস্যাঁতে অবস্থা, সেখানে স্থানীয় প্রভাবশালীরা মাগুর ও শিং মাছের চাষ করেন। এই ছাই মাগুর ও শিং মাসের খাবার হিসেবে ব্যবহার করা হয়।
“আর এ কারণেই পরিকল্পিতভাবে স্থানীয় প্রভাবশালীমহল সুন্দরবন ধ্বংস করে আধিপত্য বিস্তার লাভ করতে চাচ্ছে।”
হাসান মাহমুদ আরও বলেন, “সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে চলা অনেক নদী শুকিয়ে গেছে। নদীগুলো খননের ব্যবস্থা নেওয়া হয়েছে।
“এছাড়া ৮০০ কোটি টাকার বেশি উন্নয়ন প্রকল্প দাখিল করা হয়েছে। তবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে কোনো অপরিকল্পিত স্থাপনা না হয় সেদিকে খেয়াল রাখার জন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে।”
হাছান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, মোহা. গোলাম রাব্বানী, মো. ইয়াহ্ইয়া চৌধুরী, মো. ইয়াসিন আলী ও মেরিনা রহমান অংশ নেন।
