২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসলাম চৌধুরীর অবৈধ সম্পদ খুঁজবে দুদক

বিএনপির কারাবন্দি নেতা আসলাম চৌধুরীর অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 05:56 PM

Updated : 12 Apr 2022, 02:05 AM

বুধবার দুদক কার্যালয়ে এক বৈঠকে উপ-পরিচালক মো. নাসির উদ্দিনকে এর দায়িত্ব দেওয়া হয় বলে জানান কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কমিশন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।”

দুদক সূত্রে জানা গেছে, আসলাম চৌধুরীর মালিকানাধীন রাইজিং গ্রুপের বিরুদ্ধে কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে।

বিএনপির এই যুগ্ম মহাসচিবের সঙ্গে ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির ভারতে তোলা ছবি গণমাধ্যমে প্রকাশের পর তা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়।

ইসরায়েলের ওই রাজনীতিকের সঙ্গে বৈঠকের সূত্র ধরে সম্প্রতি তাকে গ্রেপ্তারও করা হয়েছে।

আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, তাদের সরকারকে উৎখাতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে ষড়যন্ত্র করছিলেন আসলাম চৌধুরী।

মেন্দির সঙ্গে ছবির সত্যতা স্বীকার করলেও আসলাম বলেছেন, ‘ব্যক্তিগত’ ওই সফরে তার সঙ্গে অনেকেরই দেখা হয়। কারও সঙ্গে তার কোনো বৈঠক হয়নি।

পুরনো খবর:

‘ভারতে বসে হাসিনা সরকারকে উৎখাতের ষড়যন্ত্র অবিশ্বাস্য’