২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবিষ্যৎ ড্রোনখাত আর চীন

বর্তমান বিশ্বে প্রযুক্তির একটি বড় অংশ জুড়ে রয়েছে ড্রোন। শেষ কয়েক বছরে লক্ষণীয় মাত্রায় বেড়েছে এই ড্রোনের ব্যবহার। বর্তমানে অত্যাধুনিক ড্রোনগুলো মানুষের উপকারে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে, ড্রোনের ভবিষ্যৎ কি? কেউ কি এর ভবিষ্যৎ দেখতে পারে?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 12:16 AM

Updated : 20 Aug 2022, 12:45 PM

ড্রোন নিয়ে এমন প্রশ্নের জবাব পাওয়ার জন্য চীনের দিকে তাকানোই সবচেয়ে সহজ উপায়। সিএনএন জানিয়েছে, বর্তমানে ড্রোনের বাজারে প্রভাব বিস্তার করছে চীনা ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ডিজেআই। এ ছাড়াও আরও বেশকিছু নামকরা ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে দেশটিতে। ২০১২ সালে ডিজেআই-এর তৈরি 'ফ্যান্টম ১' সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। এবার আরও অত্যাধুনিক ড্রোন তৈরি করার লক্ষ্যেই কাজ করছে এই প্রতিষ্ঠান।

ডিজেআই-এর কৌশলগত অংশীদারিত্ব পরিচালক মাইকেল পেরি জানান, ভবিষ্যৎ প্রজন্মের ড্রোনগুলো কেমন হবে সেটি  নির্ভর করবে গ্রাহক এবং প্রস্তুতকারকরা এটি কেমনভাবে চায় তার উপর। "এটি নির্ভর করবে মানুষ তার দৈনন্দিন জীবনে কিভাবে এর সঙ্গে একীভূত হচ্ছে তার উপর," বলেন পেরি। 

ইতোমধ্যেই প্রতিষ্ঠানটির তৈরি বেশকিছু ড্রোনে ডেভেলপারদের তার নিজের অ্যাপ তৈরি করার সুযোগ দেওয়া হয়েছে। এর ফলে গবেষকরা তাদের নিজের ইচ্ছামত ড্রোন ব্যবহার করতে পারছে বলেও জানানো হয়।

এ বিষয়ে পেরি বলেন, "আমরা একদল তিমি গবেষকদের দেখেছি, যারা আমাদের সিস্টেম ব্যবহার করে তিমির উপর থেকে তার শারীরিক অবস্থার তথ্য সংগ্রহ করছে। গবেষক দলটি এর ডাকনাম দিয়েছে 'স্নট বট'।"

সম্প্রতি ডিজেআই এমন ড্রোনের মডেল তৈরি করেছে, যা ফসলের মাঠের দুর্গম জায়গাগুলোতে গিয়ে নিখুঁতভাবে কীটনাশক ছড়াতে পারে। শুধু তা-ই নয়, অনুসন্ধান, উদ্ধার, অগ্নিনির্বাপণ আর নজরদারি- এসব বিষয়ে ড্রোনের ব্যবহার নিয়ে ইউরোপের সবচেয়ে বড় জরুরী সেবাদাতা নেটওয়ার্কের সঙ্গেও আলাপ করছে প্রতিষ্ঠানটি। তাদের আশা, উন্নতমানের ছবি ও ভিডিও ধারণক্ষমতাসম্পন্ন তাদের পণ্যগুলো মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে।

বিশেষজ্ঞদের ধারণা ২০২১ সালের মাঝে বাণিজ্যিক ড্রোনের বাজার ২৭১০ কোটি মার্কিন ডলার। ২০১৫ সালে যা ছিল ৫২০ কোটি মার্কিন ডলার।

নিজেদের শহর দক্ষিণ চীনের শেনজেন আর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল- এই দুই স্থানে বর্তমানে ডিজেআই-এর খুচরা বিক্রির দোকান রয়েছে। সেই সঙ্গে সম্প্রতি হংকংয়ে একটি বাণিজ্যবহুল জায়গায় একটি জায়গা ভাড়া নেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

"অন্যতম বড় একটি 'চ্যালেঞ্জ' হচ্ছে মানুষের হাতে প্রথমবারের মতো এই প্রযুক্তি পৌঁছে দেওয়া। একবার এটি তাদের হাতের পোঁছে গেলে, তারা সম্ভাব্য সব পরিবর্তনগুলো বুঝতে শুরু করবেন।"