তথ্যপ্রযুক্তি সেবা পাবে প্রান্তিক জনগোষ্ঠী: তারানা
দেশের সবার কাছে ইন্টারনেট সেবা পৌঁছানোর লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীকে তথ্যপ্রযুক্তির সেবায় আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে রাজধানীতে রোড শো ও র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
তারানা বলেন, “সারা বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং ডিজিটাল যে বিভক্তি আছে তা দূরীকরণের সম্ভবনা সম্পর্কে সচেতনতা সৃষ্টিই হচ্ছে দিবসের মূল লক্ষ্য।
দিবসের লক্ষ্য নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “কীভাবে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামাজিক তথা অর্থনৈতিক উন্নয়ন ঘটানো যায়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায় এবং একই সাথে সমাজের সর্বত্র ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা কীভাবে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, যেখানে তথ্যপ্রযুক্তির সুফল প্রান্তিক জনগোষ্ঠী ভোগ করবে- সেটাই লক্ষ্য।”
বেলুন উড়িয়ে উদ্বোধনের পর প্রতিমন্ত্রী মোবাইল ফোন অপারেটরসহ বিভিন্ন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের প্রচার বহর পরিদর্শন করেন।
রোড শো মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ে এসে শেষ হয়।
টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসি প্রধান ড. শাহজাহান মাহমুদ, ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান ও বিভিন্ন মোবাইল ফোন অপারেটর প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
