যান্ত্রিক ক্রুটিতে বিঘ্ন নভোএয়ার ফ্লাইটের রাজশাহী অবতরণ
যান্ত্রিক ক্রুটিতে পড়ে প্রথমবারের চেষ্টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করতে পারেনি নভোএয়ারের একটি ফ্লাইট।
সোমবার দুপুরে যাত্রীসহ ওই উড়োজাহাজ গন্তব্যে অবতরণ করতে না পেরে উড্ডয়নস্থল ঢাকায় ফিরে আসে।
পরে একই উড়োজাহাজে যাত্রীদের নিয়ে আবার ফ্লাইটটি রাজশাহী যায় বলে নভোএয়ার কর্তৃপক্ষ দাবি করলেও যাত্রীদের অনেক বলছেন, ঢাকা থেকে অন্য একটি উড়োজাহাজে তাদের রাজশাহী পৌঁছে দেওয়া হয়।
নভোএয়ারের ওই ফ্লাইটে রাজশাহী-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আয়েন উদ্দিনসহ অন্তত ত্রিশ জন যাত্রী ছিলেন।
সাংসদ আয়েন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার বেলা পৌনে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নভোএয়ারের একটি উড়োজাহাজে রাজশাহীর উদ্দেশে রওনা করেছিলাম।
“দুপুর পৌনে ১২টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের আকাশে উড়োজাহাজটি আসার পর জানতে পারি উড়োজাহাজটির একটি চাকা বন্ধ হচ্ছে না। প্রায় এক ঘণ্টার মতো উড়োজাহাজটি আকাশে ওড়ার পর রাজশাহীতে না নেমে ঢাকায় আসে।”
এরপর যাত্রীদের অন্য আরেকটি উড়োজাহাজের ব্যবস্থা করা হলে তাতে করে সবাই রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়ে বেলা ১টার দিকে পৌঁছান বলে জানান তিনি।
সংসদ সদস্য আয়েন বলেন, “নভোএয়ারের এই ঘটনায় উড়োজাহাজের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।”
তবে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার বিষয়টি স্বীকার করলেও ঢাকা থেকে ফের একই বিমানে করে যাত্রীদের পৌঁছে দেওয়া হয় বলে দাবি করেছেন নভোএয়ারের ব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড সেলস) এ কে এম মাহফুজুল আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উড়োজাহাজটি আকাশে উড়ার পথে তাতে মাইনর যান্ত্রিক ক্রুটি দেখা দেয়। চাইলে সেখানে (রাজশাহী) অবতরণ করা যেত, তবে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে উড়োজাহাজটি অবতরণ করেনি।
“এরপর ঢাকায় এসে একই বিমানে যাত্রীদের আবারও রাজশাহীতে পাঠানো হয়েছে।”
নভোএয়ারের জনসংযোগ বিভাগের কর্মকর্তা নীলাদ্রি মহারত্ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নভোএয়ারের চাকায় কোনো সমস্যা থাকলে সেটি কিভাবে ঢাকায় ল্যান্ড করলো।
“যিনি বলছেন চাকার সমস্যার কারণে নভোএয়ার রাজশাহীতে ল্যান্ড করতে পারেনি তার বক্তব্য সঠিক নয়।”
একটি পক্ষ নভোএয়ারের বিপক্ষে অপপ্রচার চালাচ্ছে দাবি করে নীলাদ্রি বলেন, চাকার সমস্যার কারণে রাজশাহীতে অবতরণ করতে পারেনি বলে একটি পক্ষ ‘অপরিচিত একটি মেইল ঠিকানা’ থেকে নভোএয়ারের সুনাম নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে।
