২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাপী উত্থান হয়েছে বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে বিশ্বব্যাপী দৃষ্টান্তে পরিণত হয়েছে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 10:32 PM

Updated : 20 Aug 2022, 12:42 PM

রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে তিনি বলেন, “যারা তুচ্ছ-তাচ্ছিল্য করে বলেছিল, বাংলাদেশ ইজ নাথিং বাট এ বটমলেস বাসকেট। আজকে তারাই বলে বাংলাদেশ ইজ নাথিং বাট এ মিরাকল। এখন বিশ্বব্যাপী উত্থান হয়েছে বাংলাদেশের।”

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত ‘দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন দলের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল।

বক্তব্যে স্বাধীনতাপরবর্তী সময় থেকে এ পর্যন্ত দেশের অর্থনীতির গতি-প্রকৃতির নানা দিক তুলে ধরেন।

শেখ হাসিনার নেতৃত্বে ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগের ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নের প্রসঙ্গ তুলে তোফায়েল বলেন, “৯৬ সালে আমাদের রপ্তানি ছিল ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার। ২০০১ সালে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত আমাদের রপ্তানি ছিল ৭ বিলিয়ন ডলার। ২০০১ এর পর রপ্তানি বেড়েছে ১৫ বিলিয়নের এর মতো।

শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগের সরকার গঠনের পরের উন্নয়নচিত্র তুলে ধরে তিনি বলেন, “গত বছর রপ্তানি হয়েছে ৩০ দশমিক ২ বিলিয়ন। এবার তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি ১৩ শতাংশ। … আমরা আশা করছি, এবার সবকিছু মিলিয়ে ৩৪ বিলিয়ন বা ৩৫ বিলিয়ন ছাড়াবে। যদিও আমরা টার্গেট করেছিলাম ৩৩ দশমিক ৫ বিলিয়ন।”

বাজেটের আকার বাড়ার প্রসঙ্গ তুলে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশ স্বাধীনের পর ৭২ এর যে বাজেট হয় তার পরিমাণ ছিল ৭৮৭ কোটি টাকা। যেটা গত বছর হয়েছে ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। এবার হতে চলেছে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বেশি।

গড় আয়ুতে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকার এবং শিশু ও মাতৃমৃত্যুর হার দেশ দুটির থেকে কম হওয়ার তথ্য তুলে ধরে তিনি বলেন, “বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা করে যেতে পারেননি। তার কন্যা সেটা করছেন।

“এই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, শেখ হাসিনা না হলে কেউই করতে পারত না।”

বঙ্গবন্ধু যা বলতেন তা থেকে পিছপা হতেন না- একথা উল্লেখ করে তোফায়েল বলেন, “এই গুণটা শেখ হাসিনা পেয়েছেন। অনেকে চিন্তা করেছিলেন ৫ জানুয়ারির নির্বাচন হতে পারবে না। কিন্তু দৃঢ়তা, লক্ষ্যে অবিচল থাকা, সে নির্বাচন করে আজকে আমরা বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়েছি।”

বৈদেশিক মুদ্রার প্রধান খাত তৈরি পোশাক শিল্প ‘কঠিন সময় পার করছে’ মন্তব্য করে তিনি বলেন, “কালকে তাদের প্রেস কনফারেন্স থেকে জানানো হয়েছে কতগুলো কারখানা বন্ধ হয়েছে, কতগুলো বন্ধ হওয়ার উপক্রম।”

এসময় রানা প্লাজা ধসের পরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্ষুণ্ন হওয়া সুনাম পুনরুদ্ধার করতে পারার দাবি জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব দেশে জঙ্গি উত্থান প্রতিরোধ করা গেছে বলেও দাবি করে তিনি।

১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার সিদ্ধান্তের প্রসঙ্গ ‍তুলে বাণিজ্যমন্ত্রী বলেন, “তার মধ্যে ৩০টা খুব তাড়াতাড়ি হবে। ১০টার ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।”

উন্মুক্ত আলোচনায় মূল্য সংযোজন কর (মূসক) প্রসঙ্গে এক প্রকৌশলীর প্রশ্নে বাণিজ্যমন্ত্রী তোফায়েল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে আলোচনা হওয়ার কথা জানিয়ে বলেন, “আমি এটুকু বলি, এমন কিছু আমরা করব না, এমন কিছু করতে আমরা যাব না, যেটা আমাদের বিনিয়োগের পথে অন্তরায় সৃষ্টি করে।

“ভ্যাট আইন বাস্তবায়নের ব্যাপারেও আমরা যত্নবান এবং সচেতন। আমরা সঠিকভাবেই করব। প্রয়োজন হলে সময় নেব। কিন্তু ব্যবসায়ীদের ওপর একসাথে ১৫ শতাংশ ভ্যাট আমরা চাপিয়ে দেব না।”

সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম তার প্রশংসা করে বলেন, “বিশ্বব্যাপী স্বীকৃত নেতা এবং মানিবক গুণের পাশাপাশি তার সৃজনশীল চিন্তা ভাবনায় আমি সবসময় চমৎকৃত হই।

“…শুধু উন্নয়ন নয়, মানুষের জন্য তার দরদ, সাধারণ মানুষের উন্নয়ন কীভাবে করবেন। বঙ্গবন্ধুর আত্মজা হিসেবে যেটুকু হওয়া উচিত তার চেয়ে বোধহয় উনি ছাড়িয়ে গেছেন।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সম্পাদক হাছান মাহমুদ, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি আবদুল মোমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক মারুফুল ইসলাম।