বঙ্গভবনে ঢাবি হিস্ট্রি ক্লাব প্রতিনিধিদল
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘হিস্ট্রি ক্লাব’র একটি প্রতিনিধিদল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আশা ইসলামের নেতৃত্বে সংগঠনের ১২ সদস্যের প্রতিনিধিদল রোববার বঙ্গভবনে যায় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় প্রতিনিধি দল তাদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”
“সংগঠনটি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে বলে রাষ্ট্রপতিকে জানানো হয়। এছাড়া ইতিহাস সম্পর্কিত গবেষণায় সহযোগিতা করার পরিকল্পনা সংগঠনের আছে বলেও জানানো হয়।”
এসময় রাষ্ট্রপতি সামাজিক উন্নয়নে কাজ করার জন্য হিস্ট্রি ক্লাবকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনের এ ধরনের কর্মকাণ্ড সামাজিক উন্নয়নকে তরান্বিত করবে।”
