২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসলামের সঙ্গে আর কারা, খোঁজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের সঙ্গে ‘ষড়যন্ত্রে’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে আর কেউ জড়িত কি না, সে বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 05:41 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

বিএনপির এই যুগ্ম মহাসচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে তার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করে ‘অ্যাকশনে’ যাবেন বলেও জানিয়েছেন তিনি।

ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পাটির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে চট্টগ্রামের আসলাম চৌধুরীর একটি ছবি গণমাধ্যমে প্রকাশের পর থেকে তা নিয়ে আলোচনা চলছে।

আসলাম লিকুদ নেতা মেন্দির সঙ্গে ভারতে এক হওয়ার খবর অস্বীকার করেননি। তবে তিনি গণমাধ্যমে বলেছেন, ব্যবসায়িক কারণে বিভিন্ন জনের সঙ্গে তার দেখা হয়েছে, তবে কোনো বৈঠক হয়নি।

এনিয়ে আলোচনার মধ্যে চট্টগ্রামের পুলিশ কমিশনার রোববার সকালে সাংবাদিকদের জানান, বিএনপি নেতা আসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তাকে পেলেই গ্রেপ্তার করা হবে।

আসলামের দেশত্যাগের নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “নজরদারিতে আছে (আসলাম), আরও তথ্য কালেকশন করে পরবর্তী অ্যাকশনে যাব।”

বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কহীন একটি দেশের রাজনীতিকের সঙ্গে বিএনপি নেতার বৈঠকের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানান তিনি। 

“আর কারা কারা এ বিষয়ে জড়িত, তাদের খুঁজে বের করছি। সেই তথ্যের ভিত্তিতে আমাদের গোয়েন্দারা কাজ করছে। যারা জড়িত থাকুক, সবাইকে খুঁজে বের করব। তারা কীভাবে জড়িত, কোন পর্যন্ত ক্ষতি করেছে, সব কিছু জানিয়ে দেব।”

Image
এই ছবিতে তোলপাড়। বাঁয়ে লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদি, মাঝে আসলাম চৌধুরী। ছবিটি গত ১০ মার্চ মেন্দি এন সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড পাবলিক রিলেশনসের ফেইসবুক পেইজে আপলোড করা হয়।

এই ছবিতে তোলপাড়। বাঁয়ে লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদি, মাঝে আসলাম চৌধুরী। ছবিটি গত ১০ মার্চ মেন্দি এন সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড পাবলিক রিলেশনসের ফেইসবুক পেইজে আপলোড করা হয়।

আওয়ামী লীগ নেতারা অভিযোগ করছেন, শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে বিএনপি ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে।

বিষয়টি জেনে ঢাকায় ফিলিস্তিনি শার্জ দ্য অ্যাফেয়ার্স এক প্রতিক্রিয়ায় বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন হবে ‘রাজনৈতিক আত্মহত্যা’।

তবে বিএনপি ইসরায়েল কিংবা মোসাদের সঙ্গে কোনো ধরনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, আসলামের ওই সফর ছিল ‘ব্যক্তিগত’।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মোসাদ বিভিন্ন কায়দায় আমাদের এখানে নানা ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করছে।

“তারাও (মোসাদ) বিএনপির সঙ্গে তাল মিলিয়ে কাজ করার প্রচেষ্টা নিচ্ছে। এটা আমাদের নজরে আসছে এবং আমাদের নজরে আসার পরে আমরা সতর্ক অবস্থায় চলে গেছি।”

“যাদের নাম আসছে এখানে, তাদের গতিবিধির উপর আমরা নজরদারি করছি। তাদের সঙ্গে এখানে কারা কারা সম্পৃক্ত আছে সেইগুলো আমাদের গোয়েন্দারা দেখছে।”

বিএনপির বিষয়ে আসাদুজ্জামান কামাল বলেন, “তারা যে দেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তারই আরেকটা বহিঃপ্রকাশ এই যে মোসাদের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিবের বৈঠক।”

Image
আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)

আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)

এই প্রসঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর নামে দায় স্বীকারের বার্তার বিষয়েও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

“আমাদের দেশে যখন হত্যাকাণ্ড হয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বা টার্গেট কিলিং, সেগুলো (হত্যাকাণ্ড) ঘটার সর্বোচ্চ দুই ঘণ্টার মধ্যে সেই একটা ওয়েবসাইট থেকে প্রচারিত হয় যে এটা (হত্যাকাণ্ড) আইএস করেছে কিংবা আরেকটা জঙ্গি সংগঠনের নাম দিয়ে বলা হয়, ওটা ওমুকে করেছে।”

আসাদুজ্জামান কামাল আবারও বলেন, বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে আইএস কিংবা আল কায়দার মতো আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর কোনো যোগাযোগ নেই।

বাংলাদেশের জঙ্গিরা বিভিন্নভাবে আত্মপ্রকাশের চেষ্টা করলেও তা সরকার নিয়ন্ত্রণে রেখেছে বলে পুনর্বার দাবি করেন তিনি।

“বর্তমান সরকারের আমলে এরা (জঙ্গিরা) সর্বোতভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা তাদেরকে কন্ট্রোল করতে পেরেছি।”

পুরনো খবর:

ইসরায়েলের সঙ্গে ‘ষড়যন্ত্রকারীদের’ গ্রেপ্তার চান হানিফ
ইসরায়েলের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই: ফখরুল
আসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা, পেলেই গ্রেপ্তার: সিএমপি